২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পদত্যাগ করেই মনোনয়নপত্র জমা দেবেন মহিউদ্দিন

চট্টগ্রামের মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী বৃহস্পতিবার পদত্যাগ করেই মনোনয়নপত্র জমা দেবেন। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 May 2010, 07:43 AM

Updated : 25 Aug 2022, 10:41 AM

চট্টগ্রাম, মে ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী বৃহস্পতিবার পদত্যাগ করেই মনোনয়নপত্র জমা দেবেন। তিনি বুধবার সিটি কর্পোরেশনে এক সভায় এ কথা জানান। আওয়ামী লীগের এ নেতা নাগরিক কমিটির প্রার্থী হিসেবে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী হচ্ছেন। বৃহস্পতিবারই মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে আগামী ১৭ জুন ভোটগ্রহণ হবে। সেখানে মেয়র পদে প্রধান বিরোধী দল বিএনপি সমর্থন দিয়েছে ওয়ার্ড কাউন্সিলর এম মঞ্জুর আলম মঞ্জুকে। তিনি প্রার্থী হচ্ছেন চট্টগ্রাম উন্নয়ন সংগ্রাম পরিষদের ব্যানারে। চট্টগ্রাম সিটি কর্পোরেশন মিলনায়তনে দুপুরে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের অটোমেশন ও নাগরিকদের তথ্য সংগ্রহ বুথের কার্যক্রম উপস্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মহিউদ্দিন তার পদত্যাগের কথা জানান। চট্টগ্রাম সিটি করপোরেশনের নাগরিকদের বিভিন্ন তথ্য সম্বলিত একটি ডাটাবেজ তৈরি করছে করর্পোরেশন। এটি একটি চলমান প্রক্রিয়া। মেয়র বলেন, "কাল (বৃহস্পতিবার) সকালে মেয়র পদ থেকে পদত্যাগ করে করে মানোনয়নপত্র জমা দেবো।" তবে দায়িত্ব কাকে বুঝিয়ে দেবেন, সে বিষয়ে কোনো নির্দেশনা পাননি জানিয়ে মহিউদ্দিন বলেন, "সম্ভবত প্যানেল মেয়রই এ দায়িত্ব পাবেন।" এবারের সিটি কর্পোরেশন নির্বাচন একটু ভিন্ন প্রকৃতির মন্তব্য করে মহিউদ্দিন সাংবাদিকদের বলেন, "প্রতীকের ওপর নির্ভর করে নয়, কে কতটুকু দায়িত্ব পালন করতে পারবে তা নির্ধারণ করেই জনগণ এবার ভোট দেবেন।" এর আগে গত ১৭ মে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এটিএম শামসুল হুদা জানান, চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থী হতে হলে মহিউদ্দিন চৌধুরীকে অবশ্যই পদত্যাগ করতে হবে। ওই দিনই এক সভায় মহিউদ্দিন জানান, নির্বাচন কমিশন চাইলে পদত্যাগে তার আপত্তি নেই। স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইনের পদত্যাগের বিধান উল্লেখ করে মহিউদ্দিনকে গত ১৩ মে চিঠি দেয় নির্বাচন কমিশন। ওই চিঠি পেয়ে পদত্যাগ বিষয়ে 'সুস্পষ্ট নির্দেশনা' চেয়ে ইসিকে চিঠি দেন মহিউদ্দিন। তিনি স্থানীয় সরকার মন্ত্রীকে লেখা ওই চিঠিতে 'সিসিসি নির্বাচনে প্রার্থী হলে মেয়র পদ থেকে পদত্যাগ ও দায়িত্বভার হস্তান্তর বিষয়ে সুস্পষ্ট নির্দেশনা জানতে চান। কমিশনের উপ-সচিব (নির্বাচন) স্বাক্ষরিত ১৩ মে'র চিঠিতে বলা হয়, আইন অনুযায়ী মেয়র পদে থাকা ব্যক্তি সিটি কর্পোরেশন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না। প্রতিদ্বন্দ্বিতা করতে হলে তাকে মেয়র পদ ছাড়তে হবে। স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন-২০০৯ এর ২ ধারা অনুযায়ী 'লাভজনক' পদের সংজ্ঞা, ৯ ধারা ২ উপধারা (ঙ) এবং ২০০৯ সালের আদালতের রায়ের কথা উল্লেখ করে মেয়র পদকে লাভজনক আখ্যায়িত করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএ/এমআই/১৪২০ ঘ.