চট্টগ্রাম, মে ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিষিদ্ধ হিযবুত তাহরীরের চট্টগ্রাম অঞ্চলের সমন্বয়কের বাসায় রোববার অভিযান চালানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সমন্বয়ক শেখ ওমর শরিফ আল মারুফ রাসেলের খুলশী এলাকার ওই ভাড়া বাসায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দলীয় কাগজপত্র উদ্ধার হলেও ওমরকে গ্রেপ্তার করা যায়নি।
ওই বাসা দলটির আঞ্চলিক কার্যালয় হিসেবে ব্যবহৃত হতো বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন চট্টগ্রাম মহানগর পুলিশের সহকারী কমিশনার (কোতোয়ালী অঞ্চল) হেলাল উদ্দিন। শনিবার গ্রেপ্তার চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র নাইমুল হক তন্ময়ের (২০) দেওয়া তথ্য অনুযায়ী এ অভিযান চালানো হয় বলে জানান কমিশনার।
ওমর ফেনীতে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের দায়িত্ব থেকে অব্যাহতি নিয়ে চট্টগ্রামে আসেন। তার পদত্যাগপত্র আইন মন্ত্রণালয় গ্রহণ করে গত বছরের ৪ আগস্ট। তিনি চাঁদপুর সদর এলাকার শেখ আলী আকবরের ছেলে।
দক্ষিণ খুলশী আবাসিক এলাকার তিন নম্বর গলির আবুল কাশেম ভূঁইয়ার মালিকানাধীন তারিফ ম্যানশানের ষষ্ঠ তলার এ বাসায় ভাড়া থাকতেন ওমর।
বিকালের অভিযানে ওই বাসা থেকে বিপুল পরিমাণ সরকারবিরোধী প্রচারপত্র, জিহাদী বই, সংগঠনের মেনিফেস্টো, পোস্টার, গঠনতন্ত্রসহ বিভিন্ন কাগজপত্র জব্দ করেছে পুলিশ।
শনিবার দুপুরে নগরীর ষোলশহর এলাকা থেকে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যন্ত্রকৌশল বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী নাইমুলকে গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশ কর্মকর্তা হেলাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "তন্ময়ের স্বীকারোক্তির ভিত্তিতে পুলিশ খুলশীর এ বাসায় অভিযান চালায়। অভিযানের আগেই আঞ্চলিক সমন্বয়ক ওমর পালিয়ে যায়।"
তিনি জানান, আইনজীবী ও জিইসি মোড় এলাকার ইউআইটিএস নামের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক পরিচয় দিয়ে এ বছরের ফেব্র"য়ায়িতে বাসাটি ভাড়া নেন ওমর। এর আগে তিনি ও আর নিজাম রোডের একটি বাসায় ভাড়া থাকতেন।
অভিযানে তার বাসায় বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার উত্তরপত্র পাওয়া গেছে।
পুলিশ কর্মকর্তা হেলাল বলেন, "রাসেল চট্টগ্রামে হিজবুত তাহরীর আঞ্চলিক সমন্বয়কের দায়িত্ব পালন করছিলো বলে আমরা অনুসন্ধানে জেনেছি। তার সঙ্গে গ্রেপ্তার তন্ময়ের পারিবারিক যোগাযোগ রয়েছে। তাকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।"
খুলশী থানার এক কর্মকর্তা জানান, শনিবার দুপুর সোয়া একটায় ষোলশহর এলাকার এস এ পরিবহন কার্যালয়ের সামনে থেকে হিজবুত তাহরীর কর্মী সন্দেহে তন্ময়কে গ্রেপ্তার করা হয়।
তন্ময়ের বাড়ি ফেনীর সোনাগাজীতে। তার বড় ভাই ডা. নাজমুল হক মুন্নার সঙ্গে বন্ধুত্বের সূত্রে তন্ময়ের সঙ্গে ওমরের পরিচয় হয়।
খুলশী থানার উপ-পরিদর্শক এসআই আবদুল বাতেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তন্ময় হিজবুত তাহরীর রাজনীতির সঙ্গে যুক্ত বলে তারা সন্দেহ করছেন।
তিনি জানান, গ্রেপ্তার তন্ময়কে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচদিনের হেফাজত চেয়ে রোববার মহানগর হাকিম আদালতে আবেদন করা হয়। আদালত তার দুই দিনের হেফাজত মঞ্জুর করেছে।
রাত থেকেই তাকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানান বাতেন।
তবে রোববার বিকালে খুলশী থানা হাজতে সাংবাদিকদের কাছে তন্ময় দাবি করেন, তিনি হিযবুত তাহরীরের সঙ্গে যুক্ত নয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/পিডি/২১৩৯ ঘ.
bdnews24