পাবনা, মে ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাবনায় সন্ত্রাসী হামলায় আহত হয়েছেন বিএনপির চারজন নেতা।
সোমবার রাতেও ওই ঘটনার পর আহতদের ঢাকায় পাঠানো হয়েছে বলে পুলিশ জানায়। ধারালো অস্ত্র দিয়ে তাদের আঘাত করা হয়।
হামলায় জড়িত সন্দেহে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আহতরা হলেন- সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রেহানুল ইসলাম বুলাল (৪৫), সদর উপজেলা বিএনপির ১১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ইলিয়াস আলী ইলু (৪০), সাধারণ সম্পাদক কামাল হোসেন (৩৫) ও সদস্য মোহাম্মদ ওপেল (৩৫)।
হামলার প্রতিবাদে মঙ্গলবার বিএনপি শহরে বিক্ষোভ মিছিল বের করে।
সদর থানার ওসি মতিয়ার রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত ১১টার দিকে বিএনপির নেতারা দলীয় কার্যালয় থেকে বাড়ি ফেরার পথে শহরের পাওয়ার হাউজপাড়া এলাকায় সন্ত্রাসীদের কবলে পড়েন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমআই/১৫২৫ ঘ.
bdnews24