২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাকা চৌধুরীকে আত্মসমর্পনের নির্দেশ

বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীকে অর্থ পাচার মামলায় আট সপ্তাহের মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পনের নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2010, 11:48 AM

Updated : 24 Aug 2022, 09:20 PM

ঢাকা, মে ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীকে অর্থ পাচার মামলায় আট সপ্তাহের মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পনের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এই সময়ের মধ্যে তাকে হয়রানি বা গ্রেপ্তার না করার নির্দেশ দেওয়া হয়েছে। দুদকের সহকারি পরিচালক তৌফিকুল ইসলাম অর্থ পাচারের অভিযোগে সাকা চৌধুরীর বিরুদ্ধে ধানমণ্ডি থানায় বৃহস্পতিবার বিকালে একটি মামলা দায়ের করেন। এ মামলায় তার আগাম জামিন আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি মো. আব্দুল ওয়াহ্হাব মিয়া ও বিচারপতি জে বি এম হাসানের বেঞ্চ সোমবার এই আদেশ দেয়। হাইকোর্টে হাজির হয়ে তিনি জামিনের জন্য আবেদন জানান। পাশাপাশি নিম্ন আদালতকে তার জামিন আবেদনটি বিবেচনা করতে বলে হাইকোর্ট। জামিন আবেদনের শুনানিতে সাকা চৌধুরীর পক্ষে ব্যারিস্টার ফখরুল ইসলাম বলেন, সাকা চৌধুরী বিদেশে অর্থ পাচার করেননি বা বিদেশ থেকে দেশে অর্থ আনেননি। তিনি বলেন, ২০০৫ সালের ঘটনায় ২০১০ সালে মামলা করা বেআইনী। জামিন আবেদনের বিরোধিতা করে বক্তব্য রাখেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। এ মামলার অভিযোগে বলা হয়, ২০০৫ সালের ৫ সেপ্টেম্বর তিনি হংকং থেকে ব্রিটেনে ২ লাখ ৫০ হাজার মার্কিন ডলার ও ১ লাখ হংকং ডলার পাঠালেও দুদকের কাছে সম্পত্তির বিবরণীতে তা গোপন করেছেন। এছাড়া এ অর্থ দিয়ে তিনি একটি ওষুধ কোম্পানির (গ্লোবাল বেক্সিমকো ফার্মা ইউকে) শেয়ার কেনেন। এ ক্ষেত্রে তিনি নিয়ম ভেঙেছেন। এর আগে ২০০৭ সালের ১৩ জুন সম্পত্তির তথ্য গোপন ও জানা আয়ের উৎস বহির্ভূত সম্পত্তি অর্জনের অভিযোগে সালাউদ্দিন কাদেরের বিরুদ্ধে রমনা থানায় মামলা দায়ের করেছিল দুদক। ওই মামলায় অভিযোগ করা হয়, সাকা চৌধুরী অবৈধভাবে ৯ কোটি ৪৫ লাখ ৫২ হাজার ৬৩২ টাকার সম্পত্তি অর্জন করেছেন। একই সঙ্গে এক কোটি ১৭ লাখ ৪৭ হাজার ১৪০ টাকার সম্পত্তির তথ্য গোপন করেছেন। মামলাটি বর্তমানে উচ্চ আদালতের নির্দেশে স্থগিত রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/জেবি/কেএমএস/১৭৪২ ঘ.