ঢাকা, মে ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভোলা-৩ আসনের উপনির্বাচনের ফল বাতিল এবং প্রধান নির্বাচন কমিশনারসহ তিন কমিশনারের পদত্যাগ দাবিতে আগামী ৯ মে দেশের সব জেলার নির্বাচন কমিশন কার্যালয় অভিমুখে মিছিলের নতুন কর্মসূচি দিয়েছে বিএনপি।
সোমবার বিকালে রাজধানীতে নির্বাচন কমিশন সচিবালয় অভিমুখে মিছিল শুরু আগে মুক্তাঙ্গনে এই নতুন কর্মসূচি ঘোষণা করেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
পরে মুক্তাঙ্গন থেকে মির্জা আব্বাস ও ঢাকার মেয়র দলের সহসভাপতি সাদেক হোসেন খোকার নেতৃত্বে একটি বিশাল মিছিল তোপখানা রোড়, শিশু পার্ক সড়ক, শাহবাগ হয়ে বাংলা মোটরে এসে পৌঁছালে কর্মসূচির সমাপ্তি টানা হয়।
এসময় দলের সিনিয়র যুগ্মমহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ''বর্তমান নির্বাচন কমিশন বিতর্কিত হয়ে গেছে। তারা সরকারের তল্পিবাহক হিসেবে পরিচিতি লাভ করেছে। তাই তাদের অবশ্যই পদত্যাগ করতে হবে। এই কমিশনের অধীনে কোনোভাবেই সুষ্ঠু নির্বাচন হবে না।''
তিনি শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করায় দলীয় নেতা-কর্মীদের ধন্যবাদ জানান।
ভোলা-৩ আসনের ফল বাতিল ও তিন নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিএনপির জেলা নির্বাচন কমিশন কার্যালয় অভিমুখে মিছিলের এই কর্মসূচি চতুর্থ। এর আগে তারা দুই দফা বিক্ষোভ-সমাবেশ কর্মসূচি পালন করে।
মুক্তাঙ্গন থেকে মিছিলটি ৪টা ১০ মিনিটে শুরু হয়। মিছিলের সামনে ও পেছনে বিপুল সংখ্যক পুলিশ ছিলো।
দলের সহসভাপতি আবদুল্লাহ আল নোমান, আলতাফ হোসেন চৌধুরী, যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান, বরকত উল্লাহ বুলু, বিরোধী দলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুক, সাংসদ শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, আবুল খায়ের ভূঁইয়া, সাবেক সাংসদ ইলিয়াস আলী, শিরিন সুলতানা, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আবদুস সালামসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতারা মিছিলে যোগ দেন।
এর আগে আগে সংক্ষিপ্ত বক্তব্যে মির্জা আব্বাস নির্বাচন কমিশনারদের পদত্যাগ দাবি করে বলেন, "এই কমিশনের
অধীনে আর কোনো নির্বাচনে বিএনপি অংশ নেবে না। তারা সরকারের ভাড়াটে কমিশনে পরিণত হয়েছে। এর প্রতি
ভোটারদের কোনো আস্থা নেই।''
ভোলার নির্বাচনে কারচুপি করা হবে বলে নির্বাচন কমিশন সেখানে সেনা মোতায়েন করেনি বলেও তিনি অভিযোগ করেন।
সভাপতির বক্তব্যে সাদেক হোসেন খোকা অভিযোগ করেন, "ভোলার নির্বাচনের ফলাফল অতীতের সব কারচুপির রেকর্ড ভেঙেছে। এ ধরনের প্রশ্নবিদ্ধ কমিশনের অধীনে আর কোনো নির্বাচন হতে পারে না। এই কারচুপির
মাধ্যমে প্রমাণ হয়েছে, নবম সংসদ নির্বাচনে কীভাবে ভোট কারচুপি করে একটি দলকে ক্ষমতায় বসানো হয়েছে।"
মুক্তাঙ্গনে বিভিন্ন ওয়ার্ড থেকে মহানগর বিএনপি, যুবদল, ছাত্রদল, মহিলা দলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা মিছিল নিয়ে সমবেত হন।
বিএনপির কর্মসূচি উপলক্ষে মুক্তাঙ্গনে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। বিএনপির এই কর্মসূচির কারণে শাহবাগ, মৎস্যভবন সড়ক, বিজয়নগর সড়কসহ বিভিন্ন সড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয়।
গত ২৪ এপ্রিল অনুষ্ঠিত ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী নূরুন্নবী চৌধুরী শাওন জয়ী হন। নির্বাচনে বিএনপির প্রার্থী ছিলেন হাফিজ উদ্দিন আহমেদ। সংসদ সদস্য হিসেবে শনিবার শপথ নিয়েছেন শাওন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/১৮৪০ ঘ.
bdnews24