২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারত থেকে আসছে ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ

আগামী দুই বছরের মধ্যে ভারত থেকে ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ আনা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Apr 2010, 07:20 AM

Updated : 24 Aug 2022, 08:50 PM

চাঁদপুর, এপ্রিল ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী দুই বছরের মধ্যে ভারত থেকে ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ আনা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশে বিদ্যুৎ সঙ্কটের মধ্যে রোববার চাঁদপুরে ১৫০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতার একটি বিদ্যুৎ কেন্দ্রের ভিত্তিস্থাপন অনুষ্ঠানে তিনি এ কথা জানান। বর্তমান বিদ্যুৎ পরিস্থিতির জন্য আগের সরকারগুলোর উদ্যোগহীনতাকে দায়ী করে প্রধানমন্ত্রী বলেন, তার সরকার বিদ্যুৎ উৎপাদন বাড়াতে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। চাঁদপুর শহরের নতুনবাজার এলাকায় বিদ্যুৎ বিভাগের গ্রিড স্টেশন সংলগ্ন পাওয়ার হাউস বালুর মাঠে গ্যাসভিত্তিক ওই বিদ্যুৎ কেন্দ্রের যাত্রা শুরু হয়। প্রধানমন্ত্রী বলেন, "২০১২ সালের মধ্যে আমরা ভারত থেকে ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ আনতে পারবো। ভারতের পশ্চিমবঙ্গের বহরমপুর থেকে বাংলাদেশের ভেড়ামারা পর্যন্ত সঞ্চালন লাইন এবং ভেড়ামারায় উপকেন্দ্র নির্মাণের উদ্যোগ গ্রহণের মাধ্যমে বিদ্যুৎ বিনিময় কাজের সূচনা করা হয়েছে।" এ বছরের শুরুতে প্রধানমন্ত্রীর ভারত সফরের সময় বিদ্যুৎ বিনিময়ের বিষয়ে সমঝোতা হয়। চাঁদপুর বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের উদ্যোগ আওয়ামী লীগের আগের আমলেই নেওয়া হয় জানিয়ে হাসিনা বলেন, "২০০১ সালের ১০ এপ্রিল একনেক বৈঠকে আমরা এ প্রকল্পটির অনুমোদন দিয়েছিলাম। "তারপর জোট সরকারের পাঁচ বছর গেছে, তত্ত্বাবধায়ক সরকারের ২ বছর গেছে, কিন্তু এ বিদ্যুৎ কেন্দ্রটি নির্মাণের কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। অনেক দেরিতে হলেও শেষ পর্যন্ত চাঁদপুরে এ বিদ্যুৎ কেন্দ্রটি নির্মিত হতে যাচ্ছে।" ১৫০ মেগাওয়াটের চাঁদপুর কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পে ব্যয় হচ্ছে ১ হাজার ২০০ কোটি টাকা। চায়না চেংডা ইঞ্জিনিয়ারিং কোম্পানি কাজ শেষ করলে ২০১২ সালের ফেব্র"য়ারিতে এখান থেকে বিদ্যুৎ জাতীয় গ্রিডে যোগ হবে। চারদলীয় জোট সরকারের সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, "তারা বিদ্যুতের উৎপাদন বৃদ্ধিতে যেমন কোনো পদক্ষেপ নেয়নি, তেমনি গ্যাসের উৎপাদন বৃদ্ধিতে নতুন রিগ ক্রয়, নতুন গ্যাস ক্ষেত্র অনুসন্ধান, কূপখননসহ উৎপাদন বৃদ্ধিতেও কোনো পদক্ষেপ নেয়নি।" প্রধানমন্ত্রী ২০১৫ সালের মধ্যে বিদ্যুৎ উৎপাদন ৯ হাজার ৪২৬ মেগাওয়াটে বাড়ানোর পরিকল্পনার কথা জানান। তিনি বলেন, "বর্তমানে জ্বালানি বহুমুখীকরণের বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে বিবেচনা করছি। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনা করা হচ্ছে।" বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান এএসএম আলমগীর কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, প্রধানমন্ত্রীর বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা তৌফিক ই এলাহী, বিদ্যুৎ ও জ্বালানী প্রতিমন্ত্রী মুহাম্মদ এনামুল হক, সংসদ সদস্য সুবিদ আলী ভূঁইয়া, মহীউদ্দীন খান আলমগীর প্রমুখ। মহাজোট সরকার ক্ষমতায় যাওয়ার পর চাঁদপুরে এটাই শেখ হাসিনার প্রথম সফর। প্রধানমন্ত্রী হিসেবে এর আগে ১৯৯৮ সালের ২৮ নভেম্বর চাঁদপুর এসেছিলেন তিনি। আর সর্বশেষ চাঁদপুর এসেছিলেন ২০০২ সালের ২৭ জানুয়ারি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৫১৫ ঘ.