চট্টগ্রাম, মার্চ ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর ওমরগণি এমইএস কলেজে রোববার দুপুরে ছাত্রলীগের দু'পক্ষের সংঘর্ষে কমপক্ষে ৩ জন আহত হয়েছেন।
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের সাবেক নেতা মামুনুর রশীদ মামুন ও মশিউর রহমান দিদার গ্র"পের কর্মীদের মধ্যে এ সংঘর্ষ হয় বলে পুলিশ জানিয়েছে।
আহতরা হলেন- সাইফুল ইসলাম ডেভিড (২৫), কাওসার (২০) ও লিটন (২০)। প্রথম দু'জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, মশিউর গ্র"পের ছাত্রলীগকর্মী ডেভিড তার সঙ্গীদের নিয়ে দুপুর একটার দিকে কলেজের মূল ফটকে প্রবেশের সময় মামুনের পক্ষের কর্মীরা তাকে বাধা দেয়। ওই সময় উভয়পক্ষের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। একপর্যায়ে মামুন গ্র"পের কর্মীরা তাদের ওপর চড়াও হয়ে লোহার রড, চাপাতি ও লাঠি দিয়ে আঘাত করে। এতে ৩ জন আহত হয়।
খুলশী থানার উপ-পরিদর্শক এনাম আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ডেভিড তার সহযোগীদের নিয়ে ক্যাম্পাসে ঢুকতে চাইলে প্রতিপক্ষের ছাত্রলীগ কর্মীরা তাদের বাধা দিলে সংঘর্ষ হয়। এতে ডেভিডসহ ২ জন আহত হয়।
এ ঘটনায় থানায় কোনো পক্ষই অভিযোগ করে নি বলে তিনি জানান।
এ প্রসঙ্গে কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক অমল দাশ বলেন, কলেজ ক্যাম্পাসে আধিপত্য বিস্তার নিয়ে নয়, এলাকার দ্বন্দ্ব নিয়ে সংঘর্ষ হয়েছে।
এতে ৩ জন ছাত্রলীগকর্মী আহত হওয়ার সত্যতা স্বীকার করেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এইচএ/২২৫২ ঘ.
bdnews24