ঢাকা, মার্চ ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তিস্তা নদীর পানি বণ্টন বিষয়ে যৌথ নদী মিশনের বৈঠকে অংশ নিতে বুধবার ঢাকা ছেড়েছেন পানিসম্পদমন্ত্রী রমেশ চন্দ্র সেন।
পাঁচ বছর পর নয়াদিল্লিতে অনুষ্ঠেয় এ বৈঠকে বাংলাদেশ দলের নেতৃত্ব দেবেন তিনি।
২০০৫ সালের সেপ্টেম্বর মাসের শেষবারের মতো জেআরসির মন্ত্রীপর্যায়ের বৈঠক হয়। তবে প্রতিবছর কমিশনের বিভিন্ন পর্যায়ের বৈঠকে যৌথ নদীগুলোর পানিবণ্টন ও এ সম্পর্কিত অন্যান্য সমস্যা আলোচনার মাধ্যমে সমাধান করার কথা রয়েছে।
১৮ ও ১৯ মার্চ জেআরসির মন্ত্রী পর্যায়ের আলোচনা চলবে। তবে তিস্তার পানি বণ্টনে দুই দেশের প্রাপ্য পানির অংশ নির্ধারণের বিষয়টি প্রাধান্য পাবে বলে বাংলাদেশের কর্মকর্তারা জানিয়েছেন।
হজরত শাহজালাল বিমানবন্দরের একজন ইমিগ্রেশন কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ১৫ সদস্যের একটি দল নিয়ে সকাল ৮টা ১০ মিনিটে ইন্ডিয়ান এয়ারলাইন্সের একটি বিমানে ঢাকা ছাড়েন মন্ত্রী।
পানিসম্পদ সচিব ও প্রতিনিধি দলের অন্যতম সদস্য মো. ওয়াহিদ-উজ-জামান মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তিস্তার পানি বণ্টন বিষয়ে দুই দেশই ঐকমত্যে পৌঁছতে পারবে বলে আশা করছি।
ভারতও তিস্তা চুক্তির বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে বলে জানান তিনি।
বিশেষজ্ঞরা জানান, তিস্তার পানিবণ্টন বিষয়ে গত শতকের '৫০ এর দশকে ইসলামাবাদ ও দিল্লির মধ্যে আলোচনা শুরু হয়, তবে তা ফলপ্রসূ হয়নি। ১৯৭২ সালে বাংলাদেশ স্বাধীন হলে ঢাকা ও দিল্লির মধ্যে পুনরায় এ আলোচনা শুরু হয়, যা এখনো চলছে।
বাংলাদেশের খাদ্য নিরাপত্তার জন্য তিস্তা নদীকে গুরুত্বপূর্ণ মনে করা হয়। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তথ্যানুযায়ী, রংপুর অঞ্চলের সাড়ে ৭ লাখ হেক্টর ফসলি জমিতে সেচের জন্য তিস্তা নদীর ওপর নির্ভর করা হয়।
নভেম্বর থেকে এপ্রিল মাস পর্যন্ত শুকনো মৌসুমে তিস্তা নদীর ওপর রংপুরের ডালিয়া পয়েন্টে সবচেয়ে বেশি সেচ দেওয়া হয়।
পাউবো'র তথ্যানুযায়ী, নদীতে পানির প্রবাহ খুব কম থাকে বলে খরাপ্রবণ এলাকায় ধান উৎপাদনের জন্য যথেষ্ট পরিমাণ পানি পায় না কৃষকরা। উজানে জলপাইগুড়িতে দুই দশক আগে ভারত গজলডোবা ব্যারেজ নির্মাণের পর পানি প্রবাহ আরো কমেছে বলে বিশেষজ্ঞদের মত।
পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি গত মাসে সাংবাদিকদের জানান, তিস্তার পানি বণ্টনে একটি এডহক চুক্তিতে পৌঁছাতে পারে সরকার।
প্রধানমন্ত্রী শেখ হাসিনাও তার সর্বশেষ ভারত সফরে এ বিষয়ে ভারতীয় সরকারের সঙ্গে আলোচনা করেন। তার সফর বিষয়ক বাংলাদেশ-ভারত যৌথ বিবৃতিতে জানানো হয়, একটি চুক্তিতে পৌঁছানোর লক্ষ্যে এর বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/কিউএইচ/এমআই/১২৪৫ ঘ.
bdnews24