২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাটোরে ছাত্রলীগ-যুবলীগ সংঘর্ষ, ভাংচুর

নাটোরে সরকার সমর্থক যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এ সময় বাস কাউন্টার, ব্যবসা প্রতিষ্ঠান ও মোটরসাইকেল ভাংচুরের ঘটনা ঘটে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2010, 01:18 PM

Updated : 26 Apr 2022, 12:55 AM

নাটোর, মার্চ ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নাটোরে সরকার সমর্থক যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এ সময় বাস কাউন্টার, ব্যবসা প্রতিষ্ঠান ও মোটরসাইকেল ভাংচুরের ঘটনা ঘটে। জেলা ছাত্রলীগের অর্থ সম্পাদক আব্দুল্লাহ আল কাফি ওরফে শুভর সঙ্গে যুবলীগের সহসভাপতি এহিয়া চৌধুরীর সমর্থক মওলার পূর্ব শত্র"তার জের ধরে মঙ্গলবার দুপুরে শহরের কানাইখালি এলাকায় এই সংঘর্ষ হয় বলে জানিয়েছেন সদর থানার ওসি জালাল উদ্দিন। সংঘর্ষে পুলিশ ও সাংবাদিকসহ আটজন আহত হয়েছেন। এর মধ্যে পৌর যুবলীগের সদস্য নজরুল ইসলাম গুলিবিদ্ধ হয়েছেন। নাটোর সদর থানা পুলিশ জানায়, দুপুর ১২টার দিকে শহরের কানাইখালি চাল পট্টি সড়কে যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। খবর পেয়ে উভয়পক্ষের অর্ধ শতাধিক নেতাকর্মী ঘটনাস্থলে জড়ো হলে সংঘর্ষ ব্যাপক আকার ধারণ করে। এ সময় তারা আগ্নেয়াস্ত্র, চাপাতি, রাম দা ও হকিস্টিক নিয়ে পরস্পরের ওপর হামলা চালায়। হামলায় জেলা ছাত্রলীগের অর্থ সম্পাদক আব্দুল্লাহ আল কাফি ওরফে শুভ (২৫) পরিবেশ বিষয়ক উপ-সম্পাদক রাসেল আহমেদ (২৬) ও মওলা (২৫) গুরুতর আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এলে সংঘর্ষ থেমে যায়। আহতদের তাৎক্ষণিক নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়। দুপুর ১টার দিকে উভয়পক্ষের সমর্থকরা কানাইখালির মডার্ন বাস কাউন্টারের সামনে আবারও সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় সংঘর্ষে জড়িতরা পুলিশের উপস্থিতিতেই বাস কাউন্টারটি ভাংচুর করে। ভয়ে যাত্রী ও পথচারীরা দিকবিদিক ছুটোছুটি করতে থাকে। সংঘর্ষে জড়িতরা শহরের কেন্দ্রীয় মসজিদের সামনে এহিয়া চৌধুরীর ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালায়। এর পরপরই যুবলীগের কিছু কর্মী সংগঠনের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শিমুলের ভগ্নিপতি আওয়ামী নেতা সাজেদুর রহমান চৌধুরীর ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালায়। তারা সাজেদুর রহমানকে মারধর করে এবং হত্যার চেষ্টার চালায়। এ সময় পৌর যুব লীগের সদস্য নজরুল ইসলাম গুলিবিদ্ধ হন। সংঘর্ষে জড়িতরা ফোকাস বাংলার নাটোর প্রতিনিধি তোফাজ্জল হোসেন ও এটিএন বাংলার স্থানীয় চিত্রগ্রাহক রানাকে মারপিট করে ক্যামেরা ভাংচুরের চেষ্টা চালায়। সংঘর্ষ থামাতে গিয়ে এক পুলিশ কনস্টেবল ইটের আঘাতে আহত হন। পুলিশের সামনেই অস্ত্র উঁচিয়ে সংঘর্ষকারীদের চলাফেরা করতে দেখা যায়। তাদের সামনেই হামলাকারীরা রাসেল নামের এক ছাত্রলীগ নেতার মোটরসাইকেল ভাংচুর করে। জেলা যুবলীগের সহ সভাপতি এহিয়া চৌধুরী সাংবাদিকদের বলেন, "ছাত্রলীগের আব্দুল্লাহ আল কাফি আমার মহল্লার ছেলে মওলাকে পূর্ব শত্র"তার জের ধরে প্রথমে মারপিট করে। আমি সংঘর্ষ থামানোর চেষ্টা করেছি মাত্র।" যুবলীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শিমুল বলেন, "বহিরাগত সন্ত্রাসীরা হামলা চালিয়ে আমার সমর্থকদের গুলি করেছে। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাচ্ছি।" নাটোর সদর থানার ওসি জালাল উদ্দিন বলেন, "তিন বছর আগে ছাত্রলীগের এক পক্ষ অন্য পক্ষকে মারার একটি পুরনো ঘটনার জের ধরে সংঘর্ষের সূত্রপাত হয়।" তিনি বলেন, পরিস্থিতি স্বাভাবিক রাখার চেষ্টা চলছে। শহরে পুলিশের টহল জোরদার করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯১৩ ঘ.