২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুদ্ধাপরাধীদের রাজনীতি বন্ধের দাবি সেক্টর কমান্ডারস ফোরামের

ধর্মান্ধ, সাম্প্রদায়িক, 'মৌলবাদী' ও যুদ্ধাপরাধীদের রাজনীতি বন্ধের দাবি জানিয়েছেন সেক্টর কমান্ডারস ফোরাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2010, 03:53 PM

Updated : 24 Aug 2022, 07:28 PM

চট্টগ্রাম, মার্চ ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ধর্মান্ধ, সাম্প্রদায়িক, 'মৌলবাদী' ও যুদ্ধাপরাধীদের রাজনীতি বন্ধের দাবি জানিয়েছেন সেক্টর কমান্ডারস ফোরাম। শুক্রবার বিকালে চট্টগ্রামের মুসলিম হলে সেক্টর কমান্ডারস ফোরাম চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা শাখা আয়োজিত সমাবেশে ফোরামের সহ-সভাপতি ও সাবেক সেনাপ্রধান মেজর জেনারেল এ কে এম শফিউল্লাহ (অব.) বীরউত্তম এ দাবি জানান। "এখনো ধর্মের নামে মধ্যযুগীয় কায়দায় মানুষ হত্যা চলছে," উল্লেখ করে তিনি 'মৌলবাদী রাজনীতি' ও ইসলামী ছাত্র শিবিরকে অবিলম্বে নিষিদ্ধ করার দাবি জানান। সমাবেশে সেক্টর কমান্ডারস ফোরামের সভাপতি ও পরিকল্পনামন্ত্রী এয়ার ভাইস মার্শাল এ কে খোন্দকার প্রধান (অব.) অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা থাকলেও তিনি আসেননি। মুক্তিযোদ্ধা ও সাবেক সাংসদ এম কফিল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ফোরামের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সাবেক সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল হারুণ অর রশিদ (অব.) বীর প্রতীক, সেক্টর কমান্ডার কর্ণেল আবু ওসমান চৌধুরী (অব.), ফোরামের চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাবেক অতিরিক্ত মহা-পুলিশ পরিদর্শক নুরুল আলম প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমসি/পিডি/২১৪৮ ঘ.