ঢাকা, ফেব্রুয়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- '৭২-এর সংবিধানে পুরোপুরি ফেরা যাবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ওবায়দুল কাদের।
তিনি বলেছেন, "পঞ্চম সংশোধনী বাতিলের মাধ্যমে সংবিধানের মূল চেতনা প্রতিষ্ঠার সুযোগ এসেছে। তবে, '৭২-এর সংবিধানে পুরোপুরি ফেরা যাবে না। তাই এখন মুক্তিযুদ্ধের চেতনায় সংবিধানকে সময়োপযোগী করতে হবে।"
রোববার বিকালে ধানমন্ডির ৩২ নম্বর সড়কে ঢাকা মহানগর যুবলীগ (উত্তর) আয়োজিত প্রতিবাদ সমাবেশে ওবায়দুল কাদের একথা বলেন।
'৭২-এর সংবিধানে ফেরা প্রসঙ্গে ২২ ফেব্রয়ারি আইনমন্ত্রী শফিক আহমেদ বলেন, "সংবিধানের পঞ্চম সংশোধনী বাতিল করে হাইকোর্টের দেওয়া রায় আপিল বিভাগ বহাল রেখেছে।"
"আইন কমিশনের পারামর্শ নিয়ে সংশোধনীগুলো প্রতিস্থাপিত হবে," জানিয়ে সেদিন তিনি বলেন, "তবে সংবিধানের মৌলিক নীতির ক্ষেত্রে কোনো আপোস হবে না।"
যুবলীগের সাধারণ সম্পাদক মির্জা আজমের বিরুদ্ধে বিএনপি'র মামলা দায়ের ও সারা দেশে বিরোধী দলের অস্থিতিশীল পরিবেশ তৈরির প্রতিবাদে রোববারের সমাবেশ করে যুবলীগ।
সমাবেশে ওবায়দুল বলেন, "বিএনপি ইস্যুবিহীন আন্দোলন করলে এমনিতেই জনবিচ্ছিন্ন হয়ে পড়বে। তবে, তারা কোন নিয়মতান্ত্রিক আন্দোলন করলে আওয়ামী লীগ তাতে বাধা দেবে না।"
"ভয়কে জয় করার জন্যই রাজনীতিতে জয়ের আগমন হচ্ছে," জানিয়ে তিনি বলেন, "জয় আওয়ামী লীগের ভবিষৎ নেতৃত্ব।"
তিনি বলেন, "গুটিকয়েক লোকের জন্য দলের ভাবমূর্তি নষ্ট হতে পারে না, সরকারের দুর্নাম হতে পারে না। দেশের মানুষের প্রত্যাশা পূরণে আওয়ামী লীগ ব্যর্থ হলে এর চরম মাশুল দিতে হবে।"
ঢাকা মহানগর যুবলীগের (উত্তর) সভাপতি আবুল বাশারের সভাপতিত্বে সমাবেশে যুবলীগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী, সাধারণ সম্পাদক মির্জা আজমসহ সহ-সভাপতি হারুনুর রশিদ, যুগ্ম সম্পাদক মুজিবুর রহমান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান আতা প্রমুখ বক্তব্য দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/পিডি/২২১৮ ঘ.
bdnews24