ভোলা, ফেব্র"য়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ভোলার লালমোহন উপজেলা সদরে বুধবার ক্ষমতাসীন আওয়ামী লীগের একপক্ষ আরেক পক্ষের এক নেতার ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর চালিয়েছে।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। লালমোহন বাজারে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সকাল ১০ টার দিকে পৌর এলাকার উপজেলা সড়কে অবস্থিত উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক বজলুর রহমানের বাসভবনে আওয়ামী লীগের এক বিশেষ সভা হচ্ছিল। সভায় এই আসনের সাবেক সাংসদ অবসরপ্রাপ্ত মেজর জসিম উদ্দিনসহ আওয়ামী লীগের স্থানীয় শীর্ষ নেতাকর্মীরা ছিলেন।
এক পর্যায়ে লালমোহন পৌরসভার সাবেক কাউন্সিলর আওয়ামী লীগ নেতা এমদাদুল ইসলাম তুহিন সভায় যোগ দেন।
সভায় পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি ছিদ্দিক হায়দার ও তুহিনের মধ্যে এলাকার রাজনীতি নিয়ে কাথা কাটাকাটি হয়। দুজনের মধ্যে উত্তেজনা বাড়লে তুহিন সভা থেকে বেরিয়ে যান।
এরপর দুপুর ১২টার দিকে তুহিনের লোকজন লালমোহন উপজেলা পরিষদ থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে লালমোহন বাজারে অবস্থিত ছিদ্দিক হায়দারের ব্যবসা প্রতিষ্ঠান ডিকো এন্টারপ্রাইজে হামলা ও ভাংচুর চালায়। এ সময় তার ভাই আলমগীর মিয়া ও কর্মচারী হোসেনকে মারধর করা হয়।
লালমোহন থানার উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম সাংবাদিকদের জানান, ছিদ্দিক হায়দারের ব্যবসা প্রতিষ্ঠানের হামলার খবর পেয়ে তাৎক্ষণিক তার নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
হামলার বিষয়ে তুহিন বলেন, "স্থানীয় জামায়াত-শিবিরের সঙ্গে সিদ্দিক হায়দারের সংশ্লিষ্টতা থাকতে পারে এমন সন্দেহে উত্তেজিত আওয়ামী লীগ নেতা কর্মীরা এ হামলা চালিয়েছে। আমি এতে জড়িত নই।"
ছিদ্দিক হায়দার বলেন, "আমি আসন্ন পৌর নির্বাাচনে লালমোহন পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী। আমাকে সামাজিক ও দলীয়ভাবে খাটো করতে তুহিন ও তার লোকজন আমার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়েছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/জিএনএ/২০৪৩ ঘ.
bdnews24