রাজশাহী বিশ্ববিদ্যালয়, ডিসেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পুলিশকে মারধর, সরকারি কাজে বাধা ও ভাংচুরের মামলায় রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের চার কর্মীকে সোমবার বিকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
আধিপত্য বিস্তার নিয়ে রোববার ছাত্রলীগের কয়েকজন কর্মী প্রতিপক্ষ গ্র"পের একজনকে মারধর করে। এরপর পাল্টা হামলার ঘটনা ঘটে। এ সময় পুলিশকে মারধর ও রেস্টুরেন্ট ভাংচুরের ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, এসব ঘটনায় রাতে মতিহার থানায় দু'টি মামলা হয়েছে। এর মধ্যে পুলিমের মামলায় কারাগারে পাঠানো হয়েছে আবু সালেহ, আশিস, এ কে এম তৌহিদ তাকিম ও জুয়েলকে। এদের রোববার বিকালে আটক করা হয়।
মতিহার থানার ওসি আবুল খায়ের বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পুলিশকে মারধর ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে মতিহার থানার উপ-পরিদর্শক (এসআই) মশিউর রহমান ১৪ ছাত্রলীগ কর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাত ৩০/৩৫ জনের বিরুদ্ধে মামলা করেছেন।
মামলার আসামিরা হলেন- আবু সালেহ, আশিস, এ কে এম তৌহিদ তাকিম, জুয়েল, সবুজ সারোয়ার, রনি, শ্যামল, নুরুজ্জামান, জামান, সোহেল, সাজ্জাদ, মতিন, ইসহাক ও তৌফিক।
এছাড়া রেস্টেুরেন্ট ভাংচুরের ঘটনায় এর মালিক আব্দুস সালাম বাবু বাদি হয়ে সবুজ সারোয়ার, জামান, সোহেল, সাজ্জাদ, মতিন ও ইসহাকসহ ছয়জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ১৫-২০ কর্মীকে আসামি করে আরেকটি মামলা করেছেন।
ওসি বলেন, "আটককৃতদের কারাগারে পাঠানো হয়েছে। বাকিদের গ্রেপ্তারে অভিযান চলছে।"
রোববার দুপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রলীগের কয়েকজন কর্মী সংগঠনের অপর কর্মী সবুজ সারোয়ারকে মারধর করে। বিকালে তালাইমারী এলাকায় 'বৈশাখী' রেস্টুরেন্টে সবুজ তার দলবল নিয়ে বিপক্ষের ওপর হামলা চালায়। এ সময় ছাত্রলীগ কর্মীরা মতিহার থানার উপপরিদর্শক (এসআই) আরিফুজ্জামানকে মারধর করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমএসবি/১৮৩০ ঘ.
bdnews24