চট্টগ্রাম, ডিসেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে গ্রেপ্তার ইসলামী ঐক্যজোটের একাংশের চেয়ারম্যান মুফতি ইজহারুল ইসলাম চৌধুরীকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিতে দ্বিতীয় দফা আবেদন করেছে পুলিশ।
বৃহস্পতিবার বিকালে চট্টগ্রাম জেলা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফরিদা ইয়াসমীন রিমান্ড শুনানির দিন ধার্য্য করেন সোমবার।
এর আগে গত সোমবার রাউজান থানা পুলিশ মুফতি ইজহারকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ডের আবেদন করলেও আদালত তা নামঞ্জুর করে।
এর প্রেক্ষিতে রাউজান থানা পুলিশ বুধবার আবারো ১০ দিনের হেফাজত চেয়ে আদালতে আবেদন করে।
চট্টগ্রাম আদালতের কোর্ট ইন্সপেক্টর নিখিল চন্দ্র মণ্ডল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আদালত সোমবার (২৭ ডিসেম্বর) রিমাণ্ড শুনানির দিন ধার্য্য করেছে।
গত ১৫ ডিসেম্বর বিকালে নগরীর লালখান বাজারের জামেয়াতুল উলুম আল ইসলামীয়া মাদ্রাসা থেকে ইজহারুলকে আটক করে র্যাব। পরদিন তাকে সন্ত্রাস দমন ও বিস্ফোরক আইনে করা দুটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে রাউজান থানায় সোপর্দ করা হয়।
গত ১৩ ডিসেম্বর ভোর রাতে রাউজান উপজেলার গহীন অরণ্যে অভিযান চালিয়ে পাঁচ হুজি সদস্যকে গ্রেপ্তার করে র্যাব। তাদের বিরুদ্ধে ওইদিনই রাউজান থানায় সন্ত্রাস দমন ও বিস্ফোরক আইনে দুটি মামলা দায়ের করে পুলিশ।
মুফতি ইজহার লালখান বাজার মাদ্রাসায় ১৫ ডিসেম্বর দুপুরে এক সংবাদ সম্মেলন করে গ্রেপ্তারকৃত পাঁচ হুজি সদস্যকে নির্দোষ দাবি করেন। এর প্রায় তিন ঘণ্টা পর র্যাব তাকে আটক করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এমসি/এইচএ/১৯২০ ঘ.