২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পৌর নির্বাচন পর্যবেক্ষণে আবেদন ২৬ ডিসেম্বরের মধ্যে

আসন্ন পৌরসভা নির্বাচন পর্যবেক্ষণ করতে হলে দেশি-বিদেশি সংস্থাগুলোকে ২৬ ডিসেম্বরের মধ্যে আবেদন করতে হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Dec 2010, 12:39 PM

Updated : 25 Aug 2022, 07:49 PM

ঢাকা, ডিসেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-আসন্ন পৌরসভা নির্বাচন পর্যবেক্ষণ করতে হলে দেশি-বিদেশি সংস্থাগুলোকে ২৬ ডিসেম্বরের মধ্যে আবেদন করতে হবে। নির্বাচন কমিশনের (ইসি) জনসংযোগ বিভাগের পরিচালক স্বপন কুমার ভৌমিক এ তথ্য জানিয়েছেন। এ আবেদন ইসি সচিব বরাবর করতে হবে। আগামী ১২, ১৩, ১৭ ও ১৮ জানুয়ারি দেশের আড়াই শতাধিক পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। স্বপন কুমার শনিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "পৌরসভা নির্বাচনে বুথভিত্তিক কোনো সার্বক্ষণিক পর্যবেক্ষক থাকছে না। তবে ভ্রাম্যমাণ পর্যবেক্ষকরা কেন্দ্রে বা বুথে স্বল্প সময় অবস্থান করে নির্বাচন প্রক্রিয়া পর্যবেক্ষণ করতে পারবেন।" ইতোমধ্যে ১১৩টি দেশি পর্যবেক্ষক সংস্থাকে নিবন্ধন দেওয়ার জন্য বাছাই করেছে ইসি । স্বপন জানান, নির্বাচন কমিশনে নিবন্ধিত সংস্থাগুলোই পর্যবেক্ষণের সুযোগ পাবে। নির্বাচন পর্যবেক্ষণে আগ্রহী দেশি সংস্থাকে পর্যবেক্ষক ও দলের সংখ্যা উল্লেখ করে আবেদন করতে হবে। বিদেশি সংস্থাগুলোকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে যথাযথ নিয়ম মেনে আবেদন করতে হবে। পর্যবেক্ষক ফরম কমিশনের ওয়েসাইট (www.ecs.gov.bd) থেকে ডাউনলোড ও ফটোকপি করে পূরণ শেষে ডাকযোগে বা ই-মেইলে (dpr@ecs.gov.bd ) অথবা ফ্যাক্সে (৯১২৯৭৭৩) পাঠানো যাবে। ৯ জানুয়ারি থেকে সাংবাদিকদের পরিচয়পত্র পৌরসভা নির্বাচনে সংবাদ পরিবেশন ও সংগ্রহের জন্য ৯ জানুয়ারি থেকে নির্বাচনের আগের দিন পর্যন্তসাংবাদিকদের জন্য পরিচয়পত্র ও গাড়ির স্টিকার সরবরাহ করা হবে। ইসি সচিব বরাবর আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার সাংবাদিকদের তা সরবরাহ করা হবে বলে জানান স্বপন কুমার। স্থানীয় সাংবাদিকরা সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে প্রয়োজনীয় পরিচয়পত্র সংগ্রহ করতে পারবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/আরএ/এমআই/১৮৩৫ ঘ.