চট্টগ্রাম, ডিসেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ১০ ট্রাক অস্ত্র মামলায হেফাজতে জিজ্ঞাসাবাদ শেষে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ও এনএসআই'র সাবেক মহাপিরচালক আবদুুর রহিমকে কারাগারে পাঠানো হয়েছে।
বুধবার রাত ৯টা ২০ মিনিটে তাদের ঢাকা থেকে চট্টগ্রাম মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। মহানগর হাকিম মাহবুবুর রহমান তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
চট্টগ্রাম মহানগর পুলিশ কর্মকর্তা নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান।
গত শনিবার তাদের জিজ্ঞাসাবাদের জন্য ঢাকায় পাঠানো হয়। গত ৬ ডিসেম্বর বাবরকে ১০ ট্রাক অস্ত্র মামলায় দ্বিতীয় দফায় পাঁচ দিন হেফাজতে জিজ্ঞাসাবাদের অনুমতি দেয় আদালত। অন্যদিকে আবদুর রহিমকে তৃতীয় দফায় ১ ডিসেম্বর পাঁচ দিন হেফাজতে জিজ্ঞাসাবাদের অনুমতি দেওয়া হয়।
২০০৪ সালের ১ এপ্রিল গভীর রাতে চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড এর সংরক্ষিত জেটি ঘাটে ১০ ট্রাক সমপরিমাণ অস্ত্র ও গোলাবারুদ আটক করে পুলিশ।
এ ঘটনায় কর্ণফুলী থানার ওসি আহাদুর রহমান বাদি হয়ে অস্ত্র ও চোরাচালান আইনে দুটি মামলা করেন। ওই সময় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলেন বাবর এবং জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) এর মহাপরিচালক ছিলেন রহিম।
বর্তমান তদন্ত কর্মকর্তা দায়িত্ব নেওয়ার পর জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার সাবেক দুই প্রধান, তিন সাবেক কর্মকর্তা, সিইউএফল এর তৎকালীন মহা পরিচালক, ব্যবস্থাপককে গ্রেপ্তার করে।
এছাড়া তৎকালীন শিল্প ও স্বরাষ্ট্র সচিব, এনএসআই, ডিজিএফআই, কোস্টগার্ড, নৌবাহিনী এবং কাস্টমস এর সাবেক ও বর্তমান কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদ করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/পিডি/২১৫৫ ঘ.
bdnews24