২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'দলীয় কর্মীদের ওপর সরকারের সাফল্য নির্ভর করে'

দলীয় কর্মীদের ওপর দেশের উন্নয়ন ও সরকারের সফলতা অনেকাংশেই নির্ভর করে-এ কথা বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2010, 03:42 PM

Updated : 25 Aug 2022, 07:46 PM

ঢাকা, ডিসেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দলীয় কর্মীদের ওপর দেশের উন্নয়ন ও সরকারের সফলতা অনেকাংশেই নির্ভর করে-এ কথা বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। তিনি বলেন, "দেশ পরিচালনা ও নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে দল এবং সরকারকে একযোগে কাজ করতে হবে।" আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে শুক্রবার বিকালে ঢাকা মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভায় সৈয়দ আশরাফ এ কথা বলেন। বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে আশরাফ আরো বলেন, "আঘাত আসলে সবার ওপরে দল এবং সরকার এক সাথে আসবে। তাই সকলকে সজাগ থাকতে হবে।" গণতান্ত্রিক আদর্শ বাস্তবায়নে গণমাধ্যমের ভুমিকার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, "মিডিয়া ছাড়া গণতন্ত্র টিকে থাকতে পারে না। স্বাধীন মিডিয়ার ওপর নির্ভর করে দেশের গণতন্ত্র।" মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এমএ আজিজের সভাপতিত্বে অনুষ্ঠিত বর্ধিত সভায় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম, হাজী মোহাম্মদ সেলিম, আব্দুল হক সবুজ, শহীদুল ইসলাম মিলন, আসলামূল হক আসলাম। 'দেশের রাজনীতির মূল কেন্দ্র হলো ঢাকা এবং আওয়ামী লীগের মূল কেন্দ্র ঢাকা মহানগর আওয়ামী লীগ' এই মন্তব্য করে আশরাফ বলেন, "কেন্দ্রীয় কমিটি নির্ভর করে ঢাকা মহানগর আওয়ামী লীগের ওপর।" পৌরসভা নির্বাচন প্রসঙ্গে সৈয়দ আশরাফ বলেন, "মহাজোটগত ভাবে প্রার্থীকে সমর্থন দেওয়া হবে। কিভাবে প্রার্থী বাছাই করা হবে সে ব্যাপারে আলোচনা হয়েছে। তবে ভবিষ্যতে স্থানীয় সরকার নির্বাচন যাতে দলগতভাবে করা যায় সে ব্যাপারে আইন প্রণয়নের প্রক্রিয়া চলছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/কেএমএস/২১৩০ ঘ.