২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অহেতুক গ্রেপ্তার করা হচ্ছে না: টুকু

হরতালের আগে গণগ্রেপ্তারের অভিযোগ প্রত্যাখ্যান করে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু বলেছেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই আইন-শৃঙ্খলা বাহিনী অভিযান চালাচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Nov 2010, 08:18 AM

Updated : 25 Aug 2022, 07:42 PM

ঢাকা, নভেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হরতালের আগে গণগ্রেপ্তারের অভিযোগ প্রত্যাখ্যান করে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু বলেছেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই আইন-শৃঙ্খলা বাহিনী অভিযান চালাচ্ছে। তিনি রোববার দুপুরে তার কক্ষে সাংবাদিকদের বলেন, উদ্দেশ্যমূলকভাবে বা অহেতুক কাউকে গ্রেপ্তার করা হয়নি। মন্ত্রী বলেন, জনগণের সম্পদের ক্ষতি ও দেশে অস্থিতিশীলতা তৈরি করার জন্য হরতাল আহ্বান করা হয়েছে। এজন্য হরতালের আগে নিবিড়ভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থতাসহ সরকারের বিরুদ্ধে নানা ক্ষেত্রে ব্যর্থতার অভিযোগ এনে আগামী ৩০ নভেম্বর সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি। বর্তমান সরকারের আমলে এটি বিএনপির ডাকা তৃতীয় হরতাল। এর আগে গত ২৭ জুন ও ১৪ নভেম্বর হরতাল ডাকে বিএনপি। ৩০ নভেম্বরের হরতালের আগে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে তিন শতাধিক নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে বলে শনিবার দাবি করে বিএনপি। বিভিন্ন স্থানে মিছিলেও বাধা দেওয়ার অভিযোগ করে তারা। ওদিকে বিএনপির ডাকা হরতালকে সামনে রেখে ঢাকার বিভিন্ন থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৭৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে রোববার পুলিশ জানিয়েছে। কোনো প্রেক্ষাপট ছাড়াই বিএনপি হরতাল ডেকেছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, "বঙ্গবন্ধুর খুনিদের তারা রক্ষা করতে পারেনি। এখন যুদ্ধাপরাধীদের রক্ষা করতে না পারলে পাকিস্তানি শক্তির ধারক জাতীয়তাবাদী শক্তি থাকবে না। তাই তারা হরতাল ডেকেছে।" বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ঢাকা সেনানিবাসের বাড়ি ছাড়ার প্রসঙ্গ তুলে তিনি বলেন, "একটি বাড়ির জন্য কান্না যেমন জাতিকে হতাশ করেছে, তেমনি তাদের হরতাল আহ্বান করাও জনগণের জন্য হতাশাব্যঞ্জক।" "হরতালে যদি দেশের মানুষ রাস্তায় বের না হয়, গাড়ি বের না করে তাহলে সরকারের করার কিছু নেই। কিন্তু তারা রাস্তায় বের হলে তাদের গাড়িতে যদি আগুন দেওয়া হয়, ভাংচুর করা হয়, তাহলে আইন-শৃঙ্খলা বাহিনী তাদের কাজ করবে", বলেন তিনি। আওয়ামী লীগ অতীতে গণতন্ত্র পুনরুদ্ধারে হরতাল করেছে দাবি করে টুকু বলেন, "গণতন্ত্রের জন্য সব সময় আমরা আন্দোলন করেছি। ১/১১ এর সময় বিএনপির কেউ মাঠে ছিল না। সে সময় আমরা আন্দোলন করে খালেদা জিয়াকে মুক্ত করেছিলাম।" তিনি 'অহেতুক হরতালের নামে' দলীয় কর্মীদের বিপদে না ফেলার জন্য বিএনপির প্রতি আহ্বান জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এজে/এমআই/১৪১৪ ঘ.