মিঠুন চৌধুরী
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক
চট্টগ্রাম, নভেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম নগর আওয়ামী লীগের কমিটির মেয়াদ শেষ হওয়ার দেড় বছর পর সব পদ পূরণ করার উদ্যোগ নেওয়ায় দলের অভ্যন্তরে সৃষ্টি হয়েছে নতুন মেরুকরণ।
আওয়ামী লীগের গঠনতন্ত্র অনুযায়ী জেলা কমিটির মেয়াদ তিন বছর। ২০০৬ সালের ২৬ জুন অনুষ্ঠিত নগর কমিটির সর্বশেষ কাউন্সিলে এবিএম মহিউদ্দিন চৌধুরীকে সভাপতি ও কাজী ইনামুল হক দানুকে সাধারণ সম্পাদক করে কমিটি গঠন করা হলেও এর সব পদ পূরণ করা হয়নি। ৭১ সদস্যের নগর কমিটিতে সদস্য রয়েছে ২৭ জন।
চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন শুক্রবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, ডিসেম্বর কিংবা আগামী বছরের জানুয়ারিতে চট্টগ্রাম নগর আওয়ামী লীগের কমিটি পূর্ণাঙ্গ হতে পারে।
নগর কমিটির সাধারণ সম্পাদক ইনামুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "কুরবানির ঈদের আগে মহিউদ্দিন চৌধুরী সভানেত্রীর (শেখ হাসিনা) সঙ্গে দেখা করে কমিটি পূর্ণাঙ্গ করার বিষয়ে আলোচনা করেছেন।"
কমিটির মেয়াদ পেরিয়ে যাওয়ার বিষয়ে তিনি বলেন, "গঠনতন্ত্র মোতাবেক কমিটির মেয়াদ শেষ হলে পরবর্তী কাউন্সিল পর্যন্ত আগের কমিটি বহাল থাকে।"
তবে নতুন কাউন্সিলের পক্ষে মত দিয়ে নূরুল ইসলাম বিএসসির পক্ষের বলে পরিচিত নগর কমিটির সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "কমিটি অনেক আগেই মেয়াদোত্তীর্ণ হয়ে গেছে। দলের তৃণমূল পর্যায়ে কমিটি পুনর্গঠনের মধ্য দিয়ে আবার কাউন্সিল করে নতুন কমিটি গঠন এখন সবার দাবি।"
কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আহমদ বলছেন, সব পক্ষের সঙ্গে আলোচনা করেই কমিটির সব পদ পূরণ করা হচ্ছে।
পূর্ণাঙ্গ কমিটির একটি খসড়া তৈরি হওয়ার কথা শুনেছেন বলে জানিয়েছেন তিনি। তবে এ বিষয়ে কিছু বলতে চাননি নগর সাধারণ সম্পাদক ইনামুল।
কমিটির সব পদ পূরণ করা নিয়ে মহিউদ্দিনের সঙ্গে অন্য নেতাদের বিরোধ ছিলো। নগর কমিটির সহসভাপতি ও সংসদ সদস্য নূরুল ইসলাম বিএসসির অনুসারীরা বর্তমান কমিটিতে অপূর্ণাঙ্গ ও মেয়াদোত্তীর্ণ আখ্যা দিয়ে সাংগঠনিক কার্যক্রম দীর্ঘদিন ধরেই আলাদাভাবে চালাচ্ছেন।
চট্টগ্রাম আওয়ামী লীগে মহিউদ্দিনবিরোধী হিসেবে পরিচিত নূরুল ইসলামের সঙ্গে সংসদ সদস্য এমএ লতিফ ও সাবেক ছাত্রলীগ নেতা আজম নাছির উদ্দিন এতদিন থাকলেও এখন কমিটি পূর্ণাঙ্গ হওয়ার তোড়জোড়ে লতিফ ও নাছিরের অবস্থান বদলের ইঙ্গিত দেখা গেছে।
শুক্রবার নগর আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে মহিউদ্দিনের সঙ্গে দীর্ঘদিন পর একমঞ্চে উঠেছেন লতিফ ও নাছির। তবে ছিলেন না নূরুল ইসলাম। তার সঙ্গে যোগ দিয়েছেন নগর কমিটির যুগ্ম সম্পাদক ও মন্ত্রী আফসারুল আমীন এবং কোষাধ্যক্ষ ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান আবদুচ ছালাম, এতদিন তারা মহিউদ্দিনের পক্ষের বলেই পরিচিত ছিলেন।
মেয়াদ শেষ হওয়ার পর পূর্ণাঙ্গ কমিটি গঠন নিয়ে মহিউদ্দিন, নূরুল ইসলাম, আফসারুল কিংবা লতিফ কোনো কথা বলতে রাজি হননি।
দীর্ঘদিন ধরে একে অপরের বিষোদগার করে আসা মহিউদ্দিন ও লতিফের একমঞ্চে ওঠাকে ঐক্যবদ্ধ হওয়ার প্রয়াস বলে মনে করছেন আহমদ হোসেন।
তিনি বলেন, "কেন্দ্র থেকে অনেক আগেই ঐক্যের নির্দেশ দেওয়া হয়েছে।"
আহমদ আশাবাদী, অচিরেই চট্টগ্রাম আওয়ামী লীগের সব পক্ষ বিভেদ ভুলে এক হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এমসি/এমআই/১৯১০ ঘ.
bdnews24