ঢাকা, নভেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন দাবি করেছেন, ৩০ নভেম্বর সর্বাত্মক হরতাল পালন করে জনগণ সরকারের প্রতি আবারো অনাস্থা জানাবে ।
বুধবার বিকালে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের এক সমাবেশে তিনি বলেন, "সরকারের চেহারা জনগণের কাছে ধরা পড়ে গেছে। মানুষ জেগে উঠেছে।"
হরতালে বাধা দিলে তার দায় সরকারকেই নিতে হবে বলে সরকারকে সতর্ক করেন দেলোয়ার।
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিসহ নানা ক্ষেত্রে 'সরকারের ব্যর্থতার' অভিযোগে ৩০ নভেম্বরের এ হরতাল ডেকেছে বিএনপি।
নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই সমাবেশ হয়। পল্টন সড়কের একটি অংশে পুলিশবেষ্টনির মধ্যে এই সমাবেশ হয়।
গত ১৮ নভেম্বর প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের বাসভবনের সীমানায় হাতবোমা নিক্ষেপের ঘটনায় স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব উন নবী খান সোহেল, যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, ছাত্রদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক নাসির উদ্দিন অসীম ও খোন্দকার দেলোয়ারের ছোট ছেলে খন্দকার আখতার হামিদ পবনের বিরুদ্ধে মামলা দায়েরের প্রতিবাদের এ সমাবেশ হয়। বিএনপি এই মামলাকে মিথ্যা মামলা হিসেবে অভিহিত করেছে।
প্রধান বিচারপতির বাসভবনে হাতবোমা নিক্ষেপের ঘটনা নিন্দা জানান দেলোয়ার। তিনি দাবি করেন, "সরকার পরিকল্পিতভাবে এই ঘটনা সাজিয়ে বিরোধী দলের নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে। যেন তাদের (সরকার) বিরুদ্ধে কোনো আন্দোলন না হয়।"
তিনি অভিযোগ করেন, সরকার দেশে বিরোধী দলের রাজনীতি রাখতে চায় না। তারা দমন-নির্যাতনের মাধ্যমে বিএনপিকে নিশ্চিহ্ন করতে নানা ষড়যন্ত্র করছে।
বিএনপি মহাসচিব আগামী ৩০ নভেম্বর সকাল-সন্ধ্যা হরতাল পালনে দেশবাসীর প্রতি আহবান জানান।
সংগঠনের সিনিয়র সহসভাপতি মুনীর হোসেন মুনীরের সভাপতিত্বে সমাবেশে বিএনপির সহসভাপতি আবদুল্লাহ আল নোমান, সিনিয়র যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যুগ্ম মহাসচিব বরকত উল্লাহ বুলু, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, এম ইলিয়াস আলী, যুবদলের সিনিয়র সহসভাপতি আবদুস সালাম আজাদ, ছাত্রদলের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম খান আলিম, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক শরফত আলী সপু, সাংগঠনিক সম্পাদক শফিউল বারী বাবু প্রমুখ বক্তব্য দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/পিডি/১৮৩৫ ঘ.
bdnews24