ঢাকা, নভেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের বিরুদ্ধে আয়কর ফাঁকির মামলায় অভিযোগ গঠন সপ্তমবারের মতো পেছালো।
আসামি পক্ষের আবেদন অভিযোগ গঠন পিছিয়ে আগামী ৩০ জানুয়ারি এর নতুন তারিখ ঠিক করেছেন ঢাকার ৫ নম্বর বিশেষ জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মোজাম্মেল হোসাইন।
এ মামলার কার্যক্রম বাতিলে হাইকোর্টে একটি আবেদন শুনানির অপেক্ষায় রয়েছে জানিয়ে মঙ্গলবার বাবরের আইনজীবীরা অভিযোগ গঠন পেছানোর আবেদন জানায়। বাবরকে এ দিন কারাগার থেকে আদালতে হাজির করা হয়েছিলো।
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) গত ১৪ ফেব্র"য়ারি বাবরের বিরুদ্ধে মামলাটি দায়ের করে। এতে বলা হয়, গত ১৯৯৯-০০ করবর্ষ থেকে ২০০৮-০৯ করবর্ষ পর্যন্ত মাস্টার ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালক হিসেবে বাবর আয়কর বিবরণীতে ৮ কোটি ৬ লাখ ৮০ হাজার ১২২ টাকার সম্পদের তথ্য গোপন করে ওই পরিমাণ টাকার ওপর প্রযোজ্য আয়কর ফাঁকি দিয়েছেন।
আগে এ মামলাটি ঢাকার জ্যেষ্ঠ বিশেষ আদালতে ছিলো। গত ২ মার্চ ওই আদালতের তৎকালীন বিচারক এএনএম বশিরউল্লাহ ৫ নম্বর বিশেষ জজ আদালতে মামলাটি স্থানান্তর করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/আরএ/এমআই/১৫৩৪ ঘ.
bdnews24