ঢাকা, নভেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আসন শূন্য ঘোষণা বিষয়ে জাতীয় সংসদের স্পিকারের আনুষ্ঠানিক চিঠি পেলেই হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসন শূন্য ঘোষণা করবে নির্বাচন কমিশন (ইসি)।
চিঠি পেয়ে শূন্য ঘোষণার গেজেট প্রকাশ করে পরবর্তী ৯০ দিনের মধ্যে এ আসনে উপ-নির্বাচন করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন। রোববার নির্বাচন কমিশনে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
শুক্রবার (১৯ নভেম্বর) প্রবীণ আওয়ামী লীগ নেতা ও হবিগঞ্জ-১ (নবীগঞ্জ ও বাহুবল) আসনের সংসদ সদস্য দেওয়ান ফরিদ গাজী (৮৫) মারা যান।
ছহুল জানান, আসন শূন্য ঘোষণার পরবর্তী ৯০ দিনের হিসাব মৃত্যুর দিন থেকেই কার্যকর হবে। মৃত্যুজনিত কারণে আসন শূন্য হওয়ার গেজেট যেদিনই প্রকাশ হোক না কেন, গেজেটে মৃত্যুর দিন থেকে শূন্য হিসাব করা হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/পিডি/১৮৫৫ ঘ.
bdnews24