লালমনিরহাট, নভেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - লালমনিরহাট পৌর ছাত্রদলের যুগ্ম-আহবায়ক মেহেদী হাসান পরশ হত্যার ঘটনায় আরো দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
এ নিয়ে গত চারদিনে পাঁচজনকে গ্রেপ্তার করা হলো।
রোববার গভীররাতে জেলা শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে দুলাল হোসেন (২৭) এবং সোমবার সন্ধ্যা ৭টার দিকে মাদক বিক্রেতা মমিনকে (৩০) গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানিয়েছে।
গত বৃহস্পতিবার দিবাগত রাতে পুলিশ শহর থেকে তিনজনকে গ্রেপ্তার করে।
আগের দিন বুধবার রাতে পরশকে শহরের সাপটানা বাজারের নিজের বাসা থেকে এক কিলোমিটার দূরে পুটিমারীর দোলা এলাকায় হত্যা করে ধান ক্ষেতে ফেলে যায় দুর্বৃত্তরা।
এ ঘটনায় তার বড় ভাই বাদি হয়ে বৃহস্পতিবার থানায় একটি মামলা করেন।
মামলার তদন্ত কর্মকর্তা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মাহবুবুর রহমান সাংবাদিকদের জানান, গ্রেপ্তারকৃত দুজনকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
পরশ হত্যাকাণ্ডে জড়িতদের ধরতে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে বলে তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০৫৮ ঘ.
bdnews24