নেত্রকোনা, নভেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রকৌশলীকে মারধর করার মামলায় নেত্রকোনায় এক যুবলীগকর্মীকে কারাগারে পাঠিয়েছে আদালত।
রোববার রাতে জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য সম্পাদক মৃণাল কান্তি রায় সজল ও যুবলীগকর্মী মাসুদকে পুলিশ গ্রেপ্তার করে।
সোমবার আদালতে হাজির করলে সজলকে জামিন দেওয়া হয় এবং মাসুদকে কারাগারে পাঠানো হয়।
নেত্রকোনা মডেল থানায় রোববার আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নয় নেতাকর্মীর বিরুদ্ধে এ মামলাটি করেন সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী নূরুল হোসেন।
মামলার অপর সাত আসামি হলেন- জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মজিবুল আলম হীরা, সাবেক ছাত্রলীগ নেতা রোকন, যুবলীগকর্মী ইকবাল, আলম, অরুণ, নজরুল ও সুজন।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে পুলিশ জানায়, জেলার মদনপুর শাহ্ সুলতান কমর উদ্দিন রুমীর মাজারের প্রবেশ পথ মেরামতের জন্য সড়ক ও জনপথ বিভাগ নন্দন, বিপ্লব ও বাপ্পী নামের তিন ঠিকাদারকে কাজ দেয়। এর জেরে রোববার রাতে প্রকৌশলীর কার্যালয়ে ঢুকে তাকে চড়-থাপ্পড় মেরে বাথরুমে আটকে রাখা হয়।
তাকে বাঁচাতে গেলে সওজ'র কর্মচারী মোফাজ্জল, হারুন ও জয়নালকে মারধর করে হামলাকরীরা।
পরে পুলিশ গিয়ে প্রকৌশলীকে উদ্ধার করে এবং আহত কর্মচারীদের নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠায়।
নেত্রকোনা মডেল থানার ওসি এ কে এম কাউছার বলেন, পুলিশ রাতেই মামলার দুই আসামিকে গ্রেপ্তার করেছে। এর মধ্যে আদালত একজনকে জামিন দিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯২৮ ঘ.
bdnews24