২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে জামায়াত-শিবিরের ৮ নেতাকর্মী গ্রেপ্তার

ওসমানী মেডিকেল কলেজে ছাত্রলীগ-ছাত্রশিবির সংঘর্ষের ঘটনায় জড়িত সন্দেহে সিলেট উত্তর জেলা জামায়াতের সেক্রেটারি সৈয়দ ফয়জুল্লাহ বাহারকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2010, 11:22 AM

Updated : 25 Aug 2022, 07:36 PM

সিলেট, নভেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ওসমানী মেডিকেল কলেজে ছাত্রলীগ-ছাত্রশিবির সংঘর্ষের ঘটনায় জড়িত সন্দেহে সিলেট উত্তর জেলা জামায়াতের সেক্রেটারি সৈয়দ ফয়জুল্লাহ বাহারকে গ্রেপ্তার করেছে র‌্যাব। এছাড়া ছাত্রশিবিরের আরো সাত কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে সংঘর্ষের ঘটনায় জামায়াত-শিবিরের ৭৪ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হলো। বৃহস্পতিবার গভীর রাতে সিলেট নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে জামায়াত নেতা ও শিবিরকর্মীদের আটক করা হয়। গ্রেপ্তারকৃত শিবিরকর্মীরা হলেন- তাজুল ইসলাম, খালেদ সাইফুল্লাহ, রেজাউল ইসলাম, জুনায়েদ আহমদ, সামসুল ইসলাম, বেলাল আহমদ ও আশরাফুল ইসলাম। শুক্রবার বিকালে তাদের কোতয়ালি থানায় হস্তান্তর করেছে র‌্যাব। গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন কোতয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) নারায়ণ দত্ত। গত সোমবার সিলেট ওসমানী মেডিকেল কলেজে এমবিবিএস প্রথমবর্ষে ভর্তি চলাকালে আধিপত্য বিস্তার নিয়ে ছাত্রলীগ ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষে পুলিশসহ ২৫ জন আহত হয়। এ ঘটনায় দুটি মামলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমএসবি/১৭২৪ ঘ.