ঢাকা, নভেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকার দেশকে অস্থিতিশীল করার চক্রান্তে লিপ্ত হয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি।
দলের মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন বুধবার দুপুরে এক আলোচনা সভায় বক্তব্য রাখার সময় এই অভিযোগ করেন।
খোন্দকার দেলোয়ার বলেন, "বিরোধী দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে একের পর এক মামলা দিয়ে হেনস্তা করা হচ্ছে। শুধু তাই নয়, ৩৯ বছরের নিম্পত্তি করা সেনানিবাসের বাড়ি থেকে খালেদা জিয়াকে সরানোর চক্রান্ত করে সরকার দেশকে অস্থিতিশীল করছে। এভাবে চক্রান্ত করে ক্ষমতায় থাকা যাবে না।''
তিনি আরো অভিযোগ করেন যে, সরকার বিচারবিভাগ, সামরিক বাহিনীসহ প্রশাসনকে কৌশলে অনুকুলে নিয়ে সরকার ওই বাড়ি থেকে নেত্রীকে সরানোর ষড়যন্ত্র করছে।
'৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস' উপলক্ষে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে জাতীয় প্রেস ক্লাবে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
৭ নভেম্বরের পটভূমি তুলে ধরে দেলোয়ার বলেন, "আধিপত্যবাদী আগ্রাসী শক্তির হাত থেকে সিপাহী-জনতা বিপ্লবের মাধ্যমে জিয়াকে ক্ষমতার কেন্দ্র বিন্দুতে এনেছিলো। আধিপত্যবাদী ওই শক্তি রাহুগ্রাস থেকে মুক্ত হতেই ৭ নভেম্বরের ঘটনা ঘটেছিলো। ওই শক্তিই ১৯৮১ সালের মে মাসে জিয়াকে হত্যা করে।"
তিনি বলেন, "ওই শক্তি ১৯৮২ সালে নির্বাচিত সরকারকে হটিয়ে সামরিক শাসন জারি করেছিলো। তারা ভেবেছিলো- জিয়াকে হত্যা করলে বিএনপি কুপোকাত হবে। কিন্তু তা হয়নি, কোনদিন হবে না।"
স্বৈরাচার বিরোধী আন্দোলনে নুর হোসেনের আত্মত্যাগের কথা উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, "স্বৈরাচারের দোসর আওয়ামী লীগই দেশের স্বার্থ ও সার্বভৌমত্বের বিরুদ্ধে সবসময় কাজ করছে। তারা এবার ক্ষমতায় এসে বিদেশী প্রভুদের নীল নকশা বাস্তবায়নে পুতুল সরকারের মতো কাজ করছে।"
এজন্য ওই 'রাহু ' থেকে খালেদা জিয়ার নেতৃত্বে আন্দোলনের জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান তিনি।
দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, সারোয়ারি রহমান, আবদুল মঈন খান, সহসভাপতি আবদুল্লাহ আল নোমান, প্রচার সম্পাদক জয়নুল আবদিন ফারুক, অর্থনৈতিক বিষয়ক সম্পাদক আবদুস সালাম, শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবীর খোকন, যুব দলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, মহিলা দলের সাধারন সম্পাদিকা শিরিন সুলতানা, ছাত্র দলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম খান আলিম, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক শরাফত আলী সপু, সাংগঠনিক সম্পাদক শফিউল বারী বাবু প্রমূখ নেতারা বক্তব্য রাখেন।
এ আলোচনা সভায় অন্যদের মধ্যে বিএনপির সহসভাপতি আলতাফ হোসেন, উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবদুল মান্নান, সিনিয়র যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক গোলাম আকবর খন্দকার, ওয়াহিদুল আলম, নাজিম উদ্দিন আলম, মহিলা দলের সভাপতি নুরে আরা সাফা, যুগ্ম সাধারণ সম্পাদক রেহানা আখতার, সাংগঠনিক সম্পাদক হেলেন জেরিন খান, শাম্মী আখতার, দপ্তর সম্পাদক নীলুফার চৌধুরী মনি, জিয়া পরিষদের চেয়ারম্যান কবির মুরাদ, জাসাসের সভাপতি এম এ মালেক প্রমূখ উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/কেএমএস/১৬০৪ ঘ.
bdnews24