ঢাকা, নভেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পঁচাত্তরের ৭ নভেম্বরের ঘটনায় সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে 'খলনায়ক' ও কর্নেল তাহেরকে 'মহানায়ক' মনে করেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) নেতা হাসানুল হক ইনু।
রোববার জাসদ আয়োজিত 'সিপাহী-জনতার অভ্যুত্থান' দিবস উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন।
ইনু বলেন, "বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতাকে হত্যার পর যে বিশৃঙ্খলা দেখা দিয়েছিল, তা থেকে মুক্তি পেতেই পঁচাত্তরের ৭ নভেম্বর কর্নেল তাহেরের নেতৃত্বে বিদ্রোহ হয়েছিল। বন্দি জিয়াকে মুক্ত করে তাকে নতুন জীবন দিয়েছিল তাহের। কিন্তু জিয়া বিশ্বাসঘাতকতা করে ক্ষমতা দখল করেছিল।"
জাসদ সভাপতি মনে করেন, জিয়া ৭ নভেম্বরের ঘটনার খল নায়ক ও বিশ্বাসঘাতক। আর তাহের মহানায়ক।
জিয়া এই মহানায়ককে হত্যা করেছে বলে দাবি করেন তিনি।
জাসদের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এ আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, দলের সাধারণ সম্পাদক শরীফ নুরুল আম্বিয়া, সহ-সভাপতি ও সাংসদ শাহ জিকরুল ইমলাম, মীর হোসাইন আখতার, স্থায়ী কমিটির সদস্য শিরীন আখতার, ইকবাল হোসেন খান, নাজমুল হক প্রধান, হাবিবুর রহমান সৈকত প্রমুখ।
নুরুল আম্বিয়া বলেন, রাজাকার-মুক্তিযোদ্ধা ভাই-ভাই শ্লোগান তুলে জিয়াউর রহমান পাকিস্তানপন্থীদের রাজনীতিতে পুর্নবাসিত করেছিলেন। সেই রাজনীতির ফলেই দেশে আজ জঙ্গীবাদ, তালেবান, জেএমবি ও সশস্ত্র জামায়াত-শিবিরের উত্থান ঘটেছে বলে তিনি অভিযোগ করেন।
১৯৭৫ সালের ৩ নভেম্বর বঙ্গবন্ধুর হত্যাকারীদের উৎখাত করার কথিত লক্ষ্যে মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার খালেদ মোশাররফের নেতৃত্বে সেনাবাহিনীতে একটি অভ্যুত্থান হয়। ওই সময় তৎকালীন সেনাপ্রধান জিয়াউর রহমানকে আটক করা হয়।
জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সঙ্গে সম্পৃক্ত মুক্তিযুদ্ধের অপর সেক্টর কমান্ডার কর্নেল আবু তাহের ৭ নভেম্বর এক পাল্টা অভ্যুত্থানে জিয়াকে মুক্ত করেন। ওই অভ্যুত্থানে যুক্ত ছিলেন জাসদের নেতা-কর্মীরাও।
সেজন্য জাসদ দিনটিকে 'সিপাহী-জনতার অভ্যূত্থান দিবস' হিসেবে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালন করে। পরে অবশ্য তাহেরকে সামরিক আদালতে 'বিচার' করে ফাঁসিতে ঝোলানো হয়।
৭ নভেম্বরই মুক্তিযোদ্ধা খালেদ মোশাররফ ও মেজর হায়দারসহ অনেককে হত্যা করা হয়। সেজন্য আওয়ামী লীগ দিনটিকে পালন করে 'মুক্তিযোদ্ধা হত্যা দিবস' হিসেবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এইচএ/২০১১ ঘ.
bdnews24