২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুদ্ধাপরাধী খোঁজার নামে অস্থিরতা সৃষ্টি করা হচ্ছে: জামায়াত

একাত্তরের যুদ্ধাপরাধীদের অনুসন্ধান দেশে অস্থিরতা সৃষ্টির 'পাঁয়তারা' বলে মনে করছে মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী দল জামায়াতে ইসলামী। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2010, 07:00 AM

Updated : 25 Aug 2022, 07:33 PM

ঢাকা, নভেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একাত্তরের যুদ্ধাপরাধীদের অনুসন্ধান দেশে অস্থিরতা সৃষ্টির 'পাঁয়তারা' বলে মনে করছে মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী দল জামায়াতে ইসলামী। এজন্য সরকারের বিরুদ্ধে আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছে তারা। জামায়াতের দাবি, ইসলামী আদর্শ বাস্তবায়ন ও ভারতবিরোধী অবস্থান নেওয়ার কারণেই তারা সরকারের প্রতিহিংসার শিকার। বর্তমান সরকার বহু প্রতীক্ষিত যুদ্ধাপরাধের বিচার প্রক্রিয়া শুরুর পর থেকে চাপে আছে প্রধান বিরোধী দল বিএনপির রাজনৈতিক মিত্র জামায়াত। যুদ্ধাপরাধের অভিযোগে দলের দুই শীর্ষ দুজনসহ পাঁচ নেতা ইতোমধ্যে গ্রেপ্তার হয়েছেন। শুক্রবার জামায়াতের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম মজলিশে শূরার বৈঠকের উদ্বোধনী অনুষ্ঠানে দলের ভারপ্রাপ্ত আমির মকবুল আহমেদ বলেন, "সরকার সবকিছুতেই এখন যুদ্ধাপরাধ খুঁজে দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করছে। কোথাও জমি-জমা নিয়ে গণ্ডগোল হলেও সেখানে তারা যুদ্ধাপরাধের গন্ধ পায়।" "এভাবে নাটক আর কাব্য রচনা করে কিংবা চরিত্র হনন-হয়রানি করে দেশে শান্তি আনতে পারবেন না। আমরা রাজপথে আবার আসব", হুঁশিয়ারি দেন তিনি। সরকারের বিরুদ্ধে দমননীতি অনুসরণের অভিযোগ এনে তার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে প্রধান বিরোধী দল বিএনপিসহ ইসলামী দলগুলোর প্রতি আহ্বান জানান মকবুল। গ্যাস- বিদ্যুৎ-পানি সমস্যা সমাধানে সরকারের ব্যর্থতার সমালোচনা করে তিনি বলেন, "অতীত সরকারের ওপর দোষ চাপিয়ে সরকার পার পেতে চায়। দুই বছর পার হওয়ার পর এসব অজুহাত জনগণ মেনে নেবে না।" মগবাজারে আল ফালাহ মিলনায়তনে মজলিসে শূরার বৈঠকের উদ্বোধনী অনুষ্ঠান সাংবাদিকদের জন্য উন্মুক্ত রাখা হয়। জামায়াতের মজলিশে শূরার সদস্য সংখ্যা ২৭২ জন। এর অধিকাংশই বৈঠকে রয়েছেন বলে জানিয়েছেন দলের কেন্দ্রীয় প্রচার সম্পাদক তাসনিম আলম। মজলিশের শূরা সর্বশেষ বৈঠক হয় গত জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে। ওই বৈঠকে সভাপতিত্ব করেন জামায়াতের আমির মতিউর রহমান নিজামী। তিনি এখন কারাগারে। উদ্বোধনী অনুষ্ঠানে মঞ্চে ছিলেন জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম, জ্যেষ্ঠ নায়েবে আমির একেএম ইউসুফ, নায়েবে আমির একেএম নাজির আহমেদ, আবদুস সুবহান। অনুষ্ঠানে সহকারী সেক্রেটারি জেনারেল আবদুর রাজ্জাক, সংসদ সদস্য শামসুল ইসলাম ও হামিদুর রহমান আযাদও ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৩০০ ঘ.