২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আ. লীগের কর্মশালা: আসতে হচ্ছে ১০টি প্রশ্নের উত্তর নিয়ে

১০টি প্রশ্নের উত্তর নিয়ে কেন্দ্রীয় কর্মশালায় আসতে হচ্ছে আওয়ামী লীগের জেলা কমিটির প্রচার ও প্রকাশনা এবং তথ্য ও গবেষণা সম্পাদকদের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2010, 04:18 PM

Updated : 25 Aug 2022, 07:32 PM

ঢাকা, নভেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ১০টি প্রশ্নের উত্তর নিয়ে কেন্দ্রীয় কর্মশালায় আসতে হচ্ছে আওয়ামী লীগের জেলা কমিটির প্রচার ও প্রকাশনা এবং তথ্য ও গবেষণা সম্পাদকদের। সরকারের কার্যক্রম নিয়ে জনগণের প্রতিক্রিয়া এবং বিরোধী দলের প্রচারের প্রভাবের বিষয় যেমন জেনে আসতে হবে, তেমনি স্থানীয় সাংবাদিকদের সঙ্গে আওয়ামী লীগ নেতাদের সম্পর্ক কেমন, তাও জানাতে হবে সম্পাদকদের। দু'দিনব্যাপী এই কর্মশালা শুক্রবার বিকালে গণভবণে উদ্বোধন করবেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত ৯ অক্টোবর আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের বৈঠকে এ কর্মশালার সিদ্ধান্ত হয়। কর্মশালার বিষয়বস্তু নিয়ে কেন্দ্র থেকে পাঠানো চিঠিতে ১০টি বিষয় উল্লেখ করা হয়েছে বলে তৃণমূল পর্যায়ের এক নেতা নাম প্রকাশ না করার শর্তে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন। গত ৮ অক্টোবর পাঠানো আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক নুহ-উল-আলম লেনিন এবং তথ্য ও গবেষণা সম্পাদক আফজাল হোসেনের স্বাক্ষরিত ওই চিঠিতে ৩১ অক্টোবরের মধ্যে স্থানীয় পর্যায়ে ১০টি বিষয়বস্তু নিয়ে সভা করতেও বলা হয়। চিঠিতে তৃণমূল প্রর্যায়ের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং তথ্য ও গবেষণা সম্পাদকদের কাছে জানতে চাওয়া হয়েছে, তারা কীভাবে কাজ করেন এবং এই কাজের জন্য ডিজিটাল পদ্ধতি ব্যবহার করা হয় কিনা। তৃণমূল পর্যায়ে প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং তথ্য ও গবেষণা সম্পাদকের দায়িত্ব পালনের সুবিধা-অসুবিধাও জানতে চাওয়া হয়। চিঠির ৩ নম্বর প্রশ্নে জানতে চাওয়া হয়েছে, "জাতীয় গণমাধ্যমের মফস্বল সাংবাদিকদের সঙ্গে সম্পর্ক রক্ষা ও উন্নয়নের জন্য কী ধরনের ব্যবস্থা গ্রহণ করা যায়? কোন কোন জাতীয় দৈনিক বেশি চলে এবং তাদের প্রভাব কতটুকু?" ৮ নম্বর প্রশ্নে জানতে চাওয়া হয়েছে, "বিএনপি ও জামায়াত কীভাবে এবং কোন কোন ইস্যু নিয়ে সরকারবিরোধী প্রচার করে এবং তার প্রভাব কতটুকু? পাল্টা জবাব দিতে আমরা সফল হচ্ছি কিনা?" ৬ নম্বর প্রশ্নে সরকারি প্রচার সম্পর্কে কর্মী-সমর্থক ও জনগণের মনোভাব জানতে চাওয়া হয় এবং কীভাবে সরকারি প্রচারণা বাড়ানো যায় সে বিষয়েও তৃণমূল নেতাদের মতামত জানতে চাওয়া হয়েছে। এছাড়া স্থানীয় উন্নয়ন এবং জনহিতকর কাজে সরকারের সাফল্য সম্পর্কে জনগণকে জানানো হচ্ছে কি না এবং সরকারের সাফল্য তুলে ধরতে উপজেলা বা থানা কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং তথ্য ও গবেষণা সম্পাদকরা কী উদ্যোগ গ্রহণ করছেন- তাও জানতে চাওয়া হয়েছে। শুক্রবার বিকালে গণভবনে এ কর্মশালা শুরু হয়ে রাত ৮টা পর্যন্ত চলবে। দ্বিতীয় দিনের কর্মশালা হবে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমআই/২২১৫ ঘ.