পিরোজপুর, নভেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে পিরোজপুরে করা আরো একটি মামলার তদন্ত কাজ শুরু করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
এই মামলার আসামি জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য আব্দুল জব্বার ইঞ্জিনিয়ারসহ সাতজন।
আব্দুল জব্বার ১৯৮৮ সালে জাতীয় পার্টি থেকে পিরোজ-৩ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি বর্তমানে যুক্তরাষ্ট্রে আছেন।
বৃহস্পতিবার চার সদস্যের একটি তদন্ত দল মঠবাড়িয়া উপজেলায় একটি বধ্যভূমি পরিদর্শন করেছে। সাক্ষ্য নিয়েছে ২১ জনের।
তদন্ত দলটি বধ্যভূমি পরিদর্শনের আগে সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে মুক্তিযুদ্ধে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করেন।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকির হোসেন উপস্থিত ছিলেন।
তদন্ত দলের প্রধান জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপারিনটেনডেন্ট (এএসপি) মো. হেলাল উদ্দিন সাংবাদিকদের বলেন, তদন্তের আন্তর্জাতিক মান বজায় রাখা ও স্বচ্ছতার বিষয়টি বিবেচনায় রেখে তদন্ত দল কাজ করছে।
গত ৬ সেপ্টেম্বর মঠবাড়িয়া উপজেলার আঙ্গুলকাটা গ্রামের মুক্তিযোদ্ধা জানেন্দ্র মিত্র বাদি হয়ে জ্যেষ্ঠ বিচার বিভাগীয় হাকিম আদালতে মামলাটি করেন। যুদ্ধের সময় গুলিতে আহত হয়েছিলেন তিনি। এই মামলায় ২৪ জনকে সাক্ষী করা হয়েছে।
আব্দুল জব্বার ছাড়া মামলার অপর আসামিরা হলেন- উপজেলার টিকিকাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসকান্দার আলী মৃধা, মুকুল আহম্মেদ বাদশা, আনসার আলী খলিফা, হাবিব মিয়া হাওলাদার ও আলম মৃধা।
এছাড়া মামলায় ৬-৬৫ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়েছে।
মামলায় অভিযোগ করা হয়েছে- মুক্তিযুদ্ধের সময় আব্দুল জব্বার ইঞ্জিনিয়ারের নেতৃত্বে ওই এলাকায় পাকিস্তানি হানাদারদের দোসর হিসেবে পরিচিত 'রাজাকার' বাহিনী তৈরি করা হয়।
১৯৭১ সালের ৬ অক্টোবর রাতে তার নেতৃত্বে ৬০-৭০ জন রাজাকার মঠবাড়িয়া সদর ইউনিয়নের একটি সংখ্যলঘু পরিবারের বাড়িতে হানা দেয়।
রাজাকাররা অস্ত্রের মুখে বাড়ির লোকজনকে জিম্মি করে ব্যাপক লুটপাট ও অগ্নিসংযোগ চালায়।
পরে ওই রাতে ৩০ জন সংখ্যালঘু পুরুষকে এক দড়িতে বেঁধে মঠবাড়িয়া সদর থেকে প্রায় আড়াই কিলোমিটার দূরে সূর্যমণি বেড়িবাঁধের কাছে (বর্তমান স্লুইস গেট) নিয়ে যায়।
রাত ৩টার দিকে তাদের গুলি করে হত্যা করে।
তদন্ত দলটিতে আরো রয়েছেন- মো. ওবায়েদ উল্লাহ, নুর হোসেন ও মো. শাজাহান কবীর।
বধ্যভূমি পরিদর্শন ও সাক্ষ্য নেওয়ার পর বিকাল ৪টার দিকে তদন্ত দলের প্রধান এএসপি হেলাল সাংবাদিকদের বলেন, বিভিন্ন বধ্যভূমি পরিদর্শন এবং বাকি সাক্ষীদের জবানবন্দি নেওয়ার পর তদন্ত কাজ শেষ হবে।
এর আগে ১৯ অগাস্ট জামায়াতের সাবেক সংসদ সদস্য দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগে করা দুটি মামলার তদন্ত কাজ শেষ হয়।
গত বছরের ১২ অগাস্ট বাদুরা গ্রামের মানিক পশারি পিরোজপুরের মুখ্য বিচার বিভাগীয় হাকিম আদালতে জামায়াতের নায়েবে আমির সাঈদীর বিরুদ্ধে একটি মামলা করেন।
ওই বছরের ৩১ অগাস্ট একই আদালতে তার বিরুদ্ধে আরেকটি মামলা করেন জিয়ানগর উপজেলার টেংরাখালী গ্রামের মাহবুবুল আলম।
এসব মামলায় গণতহত্যা, সংখ্যালঘু স
bdnews24