চট্টগ্রাম, অক্টোবর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম সিটি কর্পোরেশনকে (চসিক) নিজস্ব আয় বাড়ানোর তাগিদ দিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।
বৃহস্পতিবার চসিক মিলনায়তনে উন্নয়নমূলক কর্মকাণ্ড সংক্রান্ত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানিয়ে বলেন, "নিজস্ব আয় না বাড়লে নগরীর উন্নয়ন কাজের জন্য কেন্দ্রীয় সরকারের দ্বারস্থ হতে হবে। এতে নিজেদের স্বাধীনতা খর্ব হবে এবং উন্নয়ন কাজ বাধাগ্রস্ত হবে।"
আয়ের নতুন খাত খুঁজে বের করতেও সিটি কর্পোরেশনের প্রতি আহ্বান জানান আশরাফ।
বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে বকেয়া আদায়ে সচেষ্ট হবার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, "প্রয়োজনে আইনের দ্বারস্থ হোন। এ ক্ষেত্রে স্থানীয় সরকার মন্ত্রণালয় কর্পোরেশনকে সর্বাত্মক সহায়তা করবে।"
আশরাফ বলেন, ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে কুনমিং সড়ক চালু এবং গভীর সমুদ্র বন্দর হলে চট্টগ্রামের গুরুত্ব আরো বাড়বে। তিনি বলেন, "এতে চসিকের কার্যক্রম অনেক বাড়বে এবং লাভ হবে। এজন্য এখন থেকে প্রস্তুতি নিতে হবে এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ে চট্টগ্রামের উন্নয়ন নিয়ে আটকে থাকা সব প্রকল্পের ছাড় দেওয়া হবে।"
চট্টগ্রামের মেয়র এম মনজুর আলমকে ঢাকায় আমন্ত্রণ জানিয়ে মন্ত্রী বলেন, "উন্নয়নের কোন কোন প্রকল্প অনুমোদন পায়নি তা আমাদের জানান। সব এক বসাতেই সামাধান হবে বলে মনে করি।"
এর আগে সিটি মেয়র ও উপস্থিত ওয়ার্ড কাউন্সিলরদের কয়েকজন তাদের বক্তব্যে করপোরেশনের বিভিন্ন সঙ্কট, উন্নয়ন প্রকল্প আটকে থাকা এবং লোকবলের স্বল্পতা নিয়ে বিভিন্ন বক্তব্য দেন।
মেয়র মনজু বিরোধী দলের হলেও তা উন্নয়ন কার্যক্রমে কোনো বাধা হবে না জানিয়ে মন্ত্রী বলেন, "চট্টগ্রামের মেয়র গতকাল (বুধবার) রাস্তায় মিছিল করেছেন, আজকে আমরা তার সঙ্গে বসেই চট্টগ্রামের উন্নয়ন নিয়ে আলোচনা করছি। এটিই আমাদের সরকারের লক্ষ্য।"
মেয়র মনজুর আলমের সভাপতিত্বে মতবিনিময় সভায় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক বলেন, "নিজেদের মধ্যে রাজনৈতিক মতপার্থক্য থাকতে পারে, তবে দেশের জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।"
তিনবারের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরীকে পরাজিত করে বিএনপি সমর্থিত প্রার্থী মনজুর গত ১৭ জুন মেয়র নির্বাচিত হন। বুধবার বিকালে প্রথমবারের মতো বিএনপি'র কোনো সমাবেশে অংশ নেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএ/এমআই/১৪১৪ ঘ.
bdnews24