ঢাকা, অক্টোবর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী শনিবার রাজধানীতে প্রতিবাদ-সমাবেশ ও মিছিলের নতুন কর্মসূচি ঘোষণা করেছে প্রধান বিরোধী দল বিএনপি। মুক্তাঙ্গনে বিকাল তিনটায় এই সমাবেশ হবে।
বৃহস্পতিবার কেন্দ্রীয় শোকসভা থেকে এই কর্মসূচি ঘোষণা করেন দলের মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন।
সরকারের দমনপীড়ন, সিরাজগঞ্জের ঘটনায় কথিত ষড়যন্ত্রমূলক মামলায় হয়রানি, বিচার বিভাগ ও প্রশাসন দলীয়করণসহ সরকারের অবৈধ কর্মকাণ্ডের প্রতিবাদে এই কর্মসূচি দিয়েছে বিএনপি।
কর্মসূচি সফল করার আহ্বান জানিয়ে দেলোয়ার বলেন, ''সরকারের অবৈধ কর্মকাণ্ড বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেওয়া হবে না। সরকার যদি মনে করে খালি মাঠে একা গোল দিয়ে যাবে, কোনো প্রতিবাদ-প্রতিরোধ হবে না। তবে তারা বোকার স্বর্গে বসবাস করছে।''
তিনি জানান, পর্যায়ক্রমে কর্মসূচি দেওয়া হবে। শনিবারের কর্মসূচির পর আরো কর্মসূচি আসবে।
বৃহস্পতিবার বিকালে নগরীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে সিরাজগঞ্জে ট্রেন দুর্ঘটনায় হতাহতের ঘটনায় এই শোকসভার আয়োজন করা হয়। গত সোমবার সিরাজগঞ্জের সয়দাবাদে খালেদা জিয়ার সমাবেশস্থলের কাছে ট্রেনে কাটা পড়ে অন্তত ৫ জন নিহত হয়। এরপর বিক্ষুব্ধ নেতা-কর্মীরা ট্রেনে আগুন ধরিয়ে দেয়। খালেদা জিয়ার দাবি, এটি দুঘর্টনা নয়, সরকার পরিকল্পিতভাবে বিরোধীদলের কর্মীদের ওপর ট্রেন উঠিয়ে দিয়েছে।
বিএনপি মহাসচিব অভিযোগ করেন, সরকার বিচার বিভাগকে দলীয়করণ করে খালেদা জিয়া ও তার পরিবারকে নিশ্চিহ্ন করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।
তিনি হুঁশিয়ার করে দিয়ে বলেন, "কিন্তু তাদের (সরকার) এসব বেআইনি কর্মকাণ্ড প্রতিরোধ করা হবে। যতো নির্যাতনই চালানো হোক না কেন আমরা ভীত নই। মামলা আর নির্যাতনের ভয় দেখিয়ে বিএনপিকে দমানো যাবে না।"
সেলিমা রহমানের সভাপতিত্বে শোকসভায় অন্যান্যের মধ্যে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, মঈন খান, উপদেষ্টা কাউন্সিলের সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, এ জেড এম জাহিদ হোসেন, যুগ্ম মহাসচিব মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলী, অর্থ বিষয়ক সম্পাদক আবদুস সালাম, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আবুল খায়ের ভূঁইয়া, যুব দলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, মহিলা দলের সভাপতি সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিবউন নবী খান সোহেল, ছাত্র দলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু প্রমুখ বক্তব্য রাখেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/১৮৪৯ ঘ.
bdnews24