ঢাকা, অক্টোবর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশের গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ না পেলে জঙ্গিবাদের উত্থান ঘটতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলির সদস্য ওবায়দুল কাদের।
ওবায়দুল কাদের বলেছেন, "সংসদ দুর্বল হলে গণতন্ত্র দুর্বল হবে। গণতন্ত্র দুর্বল হলে দেশ দুর্বল হবে। দেশ দুর্বল হলে জঙ্গীবাদের উত্থান হবে। এই দুর্বলতার সুযোগ নেবে জঙ্গি ও উগ্রবাদীরা। বাংলাদেশে পাকিস্তান ও আফগানিস্তানের পুনরাবৃত্তি হবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সঙ্গে সোমবার দুপুরে আলাপচারিতায় এ কথা বলেন তিনি।
"নির্বাচন কমিশন, জনপ্রশাসন, দুর্নীতি দমন কমিশন এবং বিচার বিভাগের মতো গণতান্ত্রিক প্রতিষ্ঠানের সঙ্গে আমাদের অসম প্রতিযোগিতায় যাওয়া উচিত নয়," মন্তব্য করে ওবায়দুল বলেন, "গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে এই প্রতিষ্ঠানগুলো পরস্পরের পরিপূরক। এজন্য, আমাদের কোনো বিষয়ে বক্তব্য দিতে হলে মার্জিত ভাষায় বক্তব্য দিতে হবে।"
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলির এই সদস্য বিএনপি'কে সংসদে আসার আহ্বান জানান। তিনি বলেন, "আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বিএনপি'র মহাসচিব বলেছেন, 'সংবিধান সংশোধনের এখতিয়ার কেবল সংসদের।' তাহলে সংবিধান সংশোধন নিয়ে আলোচনা হতে পারে। এই বিষয় নিয়ে আলোচনার উত্তম স্থান হলো সংসদ।"
বিএনপি'র সংসদে যোগ না দেওয়ার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার আহ্বান জানিয়ে ওবায়দুল বলেন, "আলোচনা হলো সমঝোতার বড় অস্ত্র।"
তিনি বলেন, "সংসদে বিরোধীদলীয় নেতা মোটে পাঁচদিন উপস্থিত ছিলেন- এটা সংসদীয় গণতন্ত্রের জন্য সুখবর নয়।"
পাবনার ঘটনা প্রসঙ্গে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলির এ সদস্য বলেন, "অপরাধীকে অপরাধী হিসাবে শাস্তি দিতে হবে। আমি যুবলীগ আর ছাত্রলীগ বুঝি না। এর বিরুদ্ধে সাংগঠনিক অ্যাকশন দিতে হবে।"
ওবায়দুল কাদেরের সমালোচনা করে বিএনপি'র মহাসচিব খন্দকার দোলোয়ার হোসেন যে বক্তব্য দিয়েছিলেন তার জবাবে তিনি বলেন, "বাংলাদেশের রাজনীতিতে মেকআপ ও প্রসাধনের আমদানি করেছেন ওনারা। প্রসাধন চেহারার পরিবর্তন ঘটায় কি না তা ওনারা ভালো বলতে পারবেন।"
স
bdnews24