ঢাকা, জানুয়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় অভিযোগ গঠনের শুনানির জন্য আগামী ৩ মার্চ দিন ধার্য করেছে আদালত।
আসামি পক্ষের সময় আবেদনে বুধবার ঢাকার তিন নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মোজাম্মেল হোসাইন এ তারিখ ঠিক করেন।
এদিকে এ মামলার কার্যক্রম স্থগিতে খালেদা জিয়া ও তার ছেলে তারেক রহমানের করা আবেদনের শুনানি আগামী ২ ফেব্র"য়ারি পর্যন্ত মুলতবি করেছে হাইকোর্ট।
এ মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও তারেকসহ ছয়জন আসামি। তারেক বর্তমানে যুক্তরাজ্য রয়েছেন।
বিচারিক আদালতে বুধবার বিএনপি চেয়ারপারসনের হাজির হওয়ার তারিখ থাকলেও তার আইনজীবীরা জানান, ব্যক্তিগত কারণে তিনি আদালতে হাজির হতে পারেননি।
তারেক রহমানের পক্ষে আইনজীবীর মাধ্যমে হাজিরা (বাই এজেন্ট হাজিরা) দাখিল করা হয়।
মামলার অপর আসামিরা হলেন- জিয়াউর রহমানের আত্মীয় মোমিনুর রহমান, প্রধানমন্ত্রীর সাবেক মুখ্যসচিব কামালউদ্দিন সিদ্দিকী, সাবেক বিএনপি সাংসদ কাজী সলিমুল হক ও সরফুদ্দিন আহমেদ।
জিয়া অরফানেজ ট্রাস্টের ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৪৩ টাকা আত্মসাতের অভিযোগে ২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় এ মামলাটি দায়ের করে দুর্নীতি দমন কমিশন। ওই বছরের ৫ আগস্ট দেওয়া হয় অভিযোগপত্র।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/পিসি/আরএ/এমআই/১৫০০ ঘ.
bdnews24