২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তানজিম ফিরেছেন

সাত মাসের বেশি সময় বিদেশ থাকার পর বুধবার দেশে ফিরেছেন তানজিম আহমেদ (সোহেল তাজ)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2010, 06:16 AM

Updated : 24 Aug 2022, 06:25 PM

ঢাকা, জানুয়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাত মাসের বেশি সময় বিদেশ থাকার পর বুধবার দেশে ফিরেছেন তানজিম আহমেদ (সোহেল তাজ)। সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম সকালে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন। এরপর বনানীতে বোনের বাড়িতে অসুস্থ মাকে দেখতে যান তিনি। বিমানবন্দরে তানজিমকে স্বাগত জানাতে স্বরাষ্ট্র সচিব আবদুস সোবহান শিকদার উপস্থিত ছিলেন। এছাড়া তার নির্বাচনী এলাকা গাজীপুরের কাপাসিয়ার আওয়ামী লীগ নেতা-কর্মীরাও ছিলেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্মসচিব আবু নূর বজলুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "তিনি (তানজিম) প্রতিমন্ত্রী নন, এমন কোনো নির্দেশনা উচ্চ পর্যায় থেকে আসেনি। তাই তাকে দপ্তরবিহীন প্রতিমন্ত্রীর প্রটোকল দেওয়া হয়েছে।" তবে প্রত্যক্ষদর্শীরা জানান, বিমানবন্দরে নেমে তানজিম উপস্থিত সরকারি কর্মকর্তাদের সঙ্গে কুশল বিনিময় করে তার বোনের গাড়িতে করে বনানীর উদ্দেশে রওনা হন। এ সময় দেহরক্ষীরা তার গাড়িতে যেতে চাইলে তিনি হাসিমুখে তাদের বিদায় জানান। বিমানবন্দর থানার ওসি শামসুদ্দিস সালেহ আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তারা পাহারা দিয়ে তানজিমকে বনানীর বাড়িতে পৌঁছে দিয়েছেন। বিমানবন্দরে সাংবাদিকরা কথা বলতে চাইলেও কিছু বলতে রাজি হননি তানজিম। তানজিমের পদত্যাগ নিয়ে গত বছরের মাঝামাঝি সময়ে গুঞ্জনধর্মী খবর প্রকাশ করে দেশের প্রায় সবগুলো গণমাধ্যম। এ বিষয়ে সরকার ও তানজিমের সুস্পষ্ট কোনো বক্তব্য না থাকায় কয়েকদিন ধরে দেশজুড়ে গল্পের ডালপালা ছড়ায়। ঠিক কোনদিন তিনি পদত্যাগ করেছেন তাও আনুষ্ঠানিকভাবে জানায়নি সরকার। গত বছরের ৯ জুন যুক্তরাষ্ট্র যান তানজিম। এরপর ১৯ জুলাই ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা নিউজ ওয়ার্ল্ড জানায়, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তাদের বলেছেন, যুক্তরাষ্ট্র যাওয়ার আগেই তিনি দেশে পদত্যাগপত্র জমা দিয়ে এসেছেন। কেন পদত্যাগ করেছেন জানতে চাইলে তানজিম আহমেদ বলেন, "যে কোনও মানুষের কাছে নীতি, আদর্শ ও আত্মসম্মানবোধই বড়।" তানজিমের পদত্যাগের বিষয়ে ২১ জুলাই স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেন, "স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর পদত্যাগ সম্পর্কে আমি কিছুই জানি না। তিনি ছুটিতে আছেন এটুকু জানি।" এদিকে তানজিম বিদেশ যাওয়ার পর মন্ত্রিসভার রদবদলে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পান শামসুল হক টুকু। পরে সেপ্টেম্বরে তানজিমকে পররাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় কমিটির সদস্য করা হয়। তানজিমের ব্যক্তিগত সহকারী আবু কাওসার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কাতার এয়ারওয়েজের একটি বিমান থেকে সকাল সাড়ে ১০টার দিকে জিয়া বিমানবন্দরে নামেন তানজিম। তিনি বলেন, তানজিম বনানীতে বোন সিমিন হোসেন রিমির বাসায় উঠেছেন। সেখানে তার মা আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা জোহরা তাজউদ্দিন আছেন। দেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের ছেলে তানজিম গাজীপুর-৪ আসনের সংসদ সদস্য। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এমআই/জিএনএ/১৬২০ ঘ.