২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাসিনার ভারত সফরে দুদেশের সম্পর্ক আরো জোরালো হয়েছে: নায়ার

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে বাংলাদেশ ও ভারতের কূটনৈতিক সম্পর্ক আরো জোরালো হয়েছে। তবে এ সম্পর্ক ধরে রাখতে আরো আন্তরিক হতে হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jan 2010, 06:17 PM

Updated : 24 Aug 2022, 06:22 PM

ঢাকা, জানুয়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে বাংলাদেশ ও ভারতের কূটনৈতিক সম্পর্ক আরো জোরালো হয়েছে। তবে এ সম্পর্ক ধরে রাখতে আরো আন্তরিক হতে হবে। মঙ্গলবার হোটেল সোনারগাঁওয়ে আয়োজিত 'জহুর হোসেন চৌধুরী স্মারক বক্তৃতামালা'য় ভারতের প্রখ্যাত সাংবাদিক কুলদীপ নায়ার এ মন্তব্য করেন। স্বাধীনতার পর বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে যে গতি এসেছে তারও প্রশংসা করেন তিনি। অনুষ্ঠানে নায়ার 'গণতন্ত্র বিকাশে মিডিয়ার ভূমিকা' শীর্ষক মূল প্রবন্ধ পাঠ করেন। স্বাগত বক্তব্য দেন আয়োজক দৈনিক ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত। জহুর হোসেন চৌধুরীর প্রতি শ্রদ্ধা জানিয়ে কুলদীপ নায়ার বলেন, "তার মতো মেধা ও বিশ্বাসযোগ্যতা দক্ষিণ এশিয়ার খুব কম সাংবাদিকের মধ্যে দেখা গেছে।" মিডিয়াকে দেশে ঐকমত্যের পরিবেশ সৃষ্টি করতে হয় মন্তব্য করে তিনি বলেন, মিডিয়া পক্ষপাতিত্ব করলে তা সম্ভব নয়। মিডিয়া কারো পক্ষ নিতে পারে না। বিকাশমান গণতন্ত্র বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে পারে জানিয়ে তিনি বলেন, "তবে দুটি সমস্যা সত্যিকারেই ভয়ানক। একটি বিকাশমান মৌলবাদ এবং অপরটি সামরিক হস্তক্ষেপ।" প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রপতি জিল্লুর রহমান বলেন, সরকার সংবাদ মাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী। শিল্প হিসেবে সংবাদ মাধ্যমের বিকাশ ও সাংবাদিকদের অধিকার রক্ষায় সরকার অঙ্গীকারবদ্ধ। তিনি সংবাদ মাধ্যম ও সাংবাদিকদের যাতে অসৎ উদ্দেশ্যে ব্যবহার না করা হয় সেদিকে সতর্ক থাকার আহ্বান জানান। রাষ্ট্রপতি বলেন, বস্তুনিষ্ঠ সাংবাদিকতার বিকাশে জহুর হোসেন চৌধুরীর মতো দেশপ্রেমে উদ্বুদ্ধ সাংবাদিক প্রয়োজন। ১৯২২ সালে জন্ম নেওয়া জহুর হোসেন চৌধুরী ১৯৪৪ সালে কলকাতার 'দৈনিক স্টেটসম্যান' পত্রিকায় শিক্ষানবিশ হিসেবে যোগ দেন। দেশভাগের পর কলকাতা থেকে ঢাকায় এসে অবজারভারের সহকারী সম্পাদক হিসেবে যোগ দেন জহুর হোসেন। ১৯৫৪ সালে দৈনিক 'সংবাদ' এর সম্পাদক নিযুক্ত হন এবং ১৯৭১ সালে ২৫ মার্চ এর প্রকাশনা সাময়িকভাবে বন্ধ হওয়ার আগ পর্যন্ত সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। সংবাদে 'দরবার-ই-জহুর' নামে একটি বিখ্যাত কলাম লিখতেন তিনি। ১৯৮০ সালের ১১ ডিসেম্বর মারা যান জহুর হোসেন চৌধুরী। '৮১ সালে তাকে বাংলাদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান একুশে পদক (মরণোত্তর) দেওয়া হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/এজে/এসকে/২৩৫৫ঘ.