চট্টগ্রাম, জানুয়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গ্রেপ্তারকৃত কর্মীদের মুক্তির দাবিতে ইসলামী ছাত্র শিবির শুক্রবার দুপুরে নগরীতে সমাবেশ ও মিছিল করেছে।
জুমার নামাজ শেষে ছাত্র শিবিরের কর্মীরা নগরীর বিভিন্ন স্থান থেকে আন্দরকিল্লা শাহী জামে মসজিদ প্রাঙ্গণে জড়ো হয়।
সেখানে মহানগর ছাত্র শিবিরের (দক্ষিণ) সভাপতি আবদুল জব্বারের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা গ্রেপ্তার শিবিরকর্মীদের 'নিরাপরাধ' আখ্যা দিয়ে অবিলম্বে তাদের মুক্তির দাবি জানায়। অন্যথায় সমুচিত জবাব দেওয়া হবে বলে ঘোষণা দেয় তারা।
তাদের অভিযোগ, প্রশাসন 'সাজানো নাটকের' মাধ্যমে শিবিরকর্মীদের গ্রেপ্তার করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের নামে নির্যাতন চালাচ্ছে।
সমাবেশে ছাত্র শিবিরের কেন্দ্রীয় নেতা ফয়সাল মাহমুদ ইউনূস, কলিম উল্লাহ, আনোয়ার আলম চৌধুরী এবং চট্টগ্রাম মহানগর নেতা মিনহাজুর রহমান, দেলোয়ার হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।
সমাবেশের পর একটি বিক্ষোভ মিছিল নগরীর আন্দরকিল্লা মোড়, জামাল খান, গণি বেকারি হয়ে চকবাজারে গিয়ে শেষ হয়। এতে জামায়াতে ইসলামী ও ছাত্র শিবিরের পাঁচ হাজারের বেশি নেতাকর্মী অংশ নেয়।
ছাত্র শিবিরের সমাবেশকে ঘিরে অপ্রীতিকর ঘটনা এড়াতে জুমার নামাজের আগে থেকে আন্দরকিল্লা ও আশপাশের এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়।
গত রোববার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত নগরীর আগ্রাবাদের মিস্ত্রীপাড়ায় অবস্থিত ছাত্র শিবিরের নিয়ন্ত্রাণাধীন তিনটি মেসে অভিযান চালিয়ে অস্ত্র ও গোলাবারুদসহ জামায়াত ইসলামী ও ছাত্র শিবিরের ১২ কর্মীকে গ্রেপ্তার করা হয়। তাদেরকে বিভিন্ন মেয়াদে হেফাজতে নিয়ে বৃহস্পতিবার জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এজে/জিএনএ/২১০৩ ঘ.
bdnews24