চট্টগ্রাম, জানুয়ারি ০২ (বিডিনিউজ টেয়েন্টিফোর ডটকম)- খালেদা জিয়ার পল্টনের ভাষণের সমালোচনা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তারা (বিএনপি) নিজেদের শাসনামলে ব্যর্থতার পরিচয় দিয়ে এখন আবার সরকারকে আন্দোলনের হুমকি দিচ্ছে।
প্রধানমন্ত্রী শনিবার বিকালে চট্টগ্রামে এক অনুষ্ঠানে বক্তৃতাকালে সাবেক প্রধানমন্ত্রীর শুক্রবার দেওয়া বক্তব্যের সমালোচনা করে বলেন, "২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত যারা নিজেদের শাসনামলে জনগণের পথে কাঁটা বিছিয়ে খোঁচা দিয়েছে তারাই এখন সরকারের পথে কাঁটা বিছাতে চায়।"
শুক্রবার পল্টনে ছাত্র দল আয়োজিত এক সমাবেশে বিএনপি চেয়ারপার্সন সরকারকে হুমকি দিয়ে বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের অমীমাংসিত বিষয়গুলোতে প্রধানমন্ত্রী দেশের স্বার্থ রক্ষা করে এলে তাকে ফুলের মালা দিয়ে বরণ করে নেওয়া হবে অন্যথায় কাঁটা বিছিয়ে দিয়ে প্রতিবাদ করা হবে।
নগরীর বহদ্দারহাট মোড়ে ফ্লাইওভারের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, "বিএনপি-জামায়াত জোটের মন্ত্রী-এমপিরা পাঁচ বছর লুটপাট করে নিজেরাই শুধু অর্থসম্পদ করেছেন, দেশের কোনো উন্নয়ন করতে পারেননি। তাদের বাড়াবাড়িতেই এক-এগারোর জন্ম হয়।"
আর কখনো যেন কেউ জনগণের ভোটের অধিকার নিয়ে ছিনিমিনি খেলতে না পারে সেজন্য সতর্ক থাকারও পরামর্শ দেন তিনি।
চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের উদ্যোগে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শেখ হাসিনা বলেন, "যারা এদেশকে জঙ্গি রাষ্ট্র করার চেষ্টা করেছিল তাদের ষড়যন্ত্র সম্পর্কে সজাগ থাকতে হবে। সন্ত্রাসী-জঙ্গিদের স্থান এ দেশে হবে না, যুদ্ধাপরাধীদের বিচার বাংলার মাটিতেই হবে।"
তিনি বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে চট্টগ্রামে যে উন্নয়নের ধারা সূচিত হয়েছিল তা বিএনপি-জামায়াত জোট সরকার আমলে চট্টগ্রামে ডজনখানেক মন্ত্রী থাকলেও সে ধারা আর বহাল থাকেনি।
প্রধানমন্ত্রী বলেন, যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ককে চার লেইনে উন্নীত করার যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।
এছাড়া ২৫ কোটি টাকা ব্যয়ে বায়েজীদ বোস্তামী সড়ক, ৪০ কোটি টাকা ব্যয়ে কাপাসগোলা সড়ক, ২৪ কোটি টাকা ব্যয়ে ফিরিঙ্গীবাজার-সদরঘাট সড়কের উন্নয়ন কাজ চলছে বলেও জানান তিনি।
চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী এবং দক্ষিণাঞ্চলের অর্থনৈতিক কর্মকাণ্ডের প্রাণকেন্দ্রে পরিণত করতে সরকারের গভীর সমুদ্র বন্দর নির্মাণের সিন্ধান্তের কথা জানিয়ে শেখ হাসিনা বলেন, সোনাদিয়ায় প্রস্তাবিত এ বন্দরের নির্মাণ কাজ শেষ হলে তা দেশের অর্থনীতিতে আমূল পরিবর্তন আনবে।
সাত হাজার কোটি টাকা ব্যয়ে নগরীর একমাত্র তেল শোধণাগার প্রতিষ্ঠান ইস্টার্ন রিফাইনারিকে আধুনিকায়ন ও ধারণ ক্ষমতা বৃদ্ধির উদ্যোগও নেওয়া হয়েছে বলে জানান তিনি।
চট্টগ্রামকে আধুনিক ও পরিকল্পিত মহানগরী হিসেবে গড়ে তুলতে অপরিকল্পিতভাবে পাহাড় ও গাছ কেটে বাড়িঘর নির্মাণ করে পরিবেশের ভারসাম্য নষ্ট না করার আহবান জানান প্রধানমন্ত্রী।
এক বছর রাজধানীসহ সারাদেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতি অতীতের যেকোন সময়ের চেয়ে ভালো ছিল দাবি করে শেখ হাসিনা বলেন, "নারী-নির্যাতন-খুন-ডাকাতি কমেছে, ফতোয়বাজদের দৌরাত্ম্য নেই। সাংবাদিক নির্যাতনের হার কমেছে এবং মানবাধিকার নির্যাতনের ঘটনা অন্যান্য বছরের তুলনায় কম।"
সিডিএ চেয়ারম্যান আবদুচ ছালামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খান, চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী বক্তব্য রাখেন।
এসময় অন্যান্যের ম্েযধ প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আফসারুল আমীন, পরিবেশ ও বন প্রতিমন্ত্রী হাছান মাহমুদ, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার, সাংসদ মঈনুদ্দিন খান বাদল, শামসুল হক চৌধুরী, নুরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী টেলি কনফারেন্সের মাধ্যমে নগরীর বিভিন্ন সমস্যা নিয়ে চার নাগরিকের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এএল/জিএনএ/১৯৪৮ ঘ.
bdnews24