ঢাকা, সেপ্টেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যমুনা নদী ভাঙনে ক্ষতিগ্রস্থদের মধ্যে ত্রাণ বিতরণের জন্য মঙ্গলবার সকালে সিরাজগঞ্জ যাচ্ছেন বিরোধী দলীয় নেতা ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।
সকাল ১০টায় সড়কপথে তিনি সিরাজগঞ্জ রওনা হবেন।
খালেদা জিয়ার প্রেস সচিব মারুফ কামাল খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "নদী ভাঙনের শিকার দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে বিরোধী দলের নেতা খালেদা জিয়া সিরাজগঞ্জ যাচ্ছেন। তিনি পত্রিকার মাধ্যমে সংবাদ জানতে পেরেছেন, ঈদের দিন ওই এলাকার নদী ভাঙনে ক্ষতিগ্রস্থরা ঈদ করতে পারেনি। সে জন্য ম্যাডাম তাদের সহানুভূতি জানাতে সেখানে যাচ্ছেন।''
খালেদা জিয়া সিরাজগঞ্জ সদর উপজেলার বাওয়াইপাড়া, পাইকপাড়া, ডিয়ারা, কাটা ওয়াপদা বাঁধসহ বিভিন্ন এলাকা পরিদর্শন করবেন।
বগুড়া-উপনির্বাচনের পর এই প্রথম খালেদা জিয়া ঢাকার বাইরে দেশের কোথাও সফর করছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসএইচ/১৯২৫ ঘ.
bdnews24