চট্টগ্রাম, সেপ্টেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম শাহ আমানত সেতু লাগোয়া এলাকায় শুক্রবার বিকেলে সিটি মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর এক সমাবেশে আওয়ামী লীগের দুই পক্ষের কর্মীদের মধ্যে চেয়ার ছোড়াছুড়ি ও হাতাহাতির ঘটনা ঘটেছে।
এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের লাঠিপেটায় আওয়ামী লীগের সাতকর্মী আহত হয়। এছাড়া দলের কর্মীদের হামলায় আহত হয় পুলিশের পাঁচ সদস্য।
মেয়রের উপস্থিতিতে বিকেল ৪টা থেকে সোয়া ৪টা পর্যন্ত এসব ঘটনা ঘটে। তার প্রতিপক্ষ বাবু গ্রুপের কর্মীরা
মঞ্চ লক্ষ করে চেয়ার ছুড়ে মারলে পাল্টা মেয়র অনুসারীরাও তাদের চেয়ার ছুড়ে মারে।
সংঘর্ষ চলাকালে মেয়র মহিউদ্দিন মাইকের সামনে এসে বলতে থাকেন, "'গুণ্ডামি করো না। গুণ্ডামির সীমা আছে। আমি বাবু ভাইকে দাওয়াত করেছিলাম। তিনি আসতে পারবেন না বলে জানিয়েছেন। কেউ এই এলাকার উন্নয়নে বাধা দিতে পারবে না।"
স্থানীয় সাংসদ আখতারুজ্জামান চৌধুরী বাবু চট্টগ্রাম আওয়ামী লীগের রাজনীতিতে মেয়রের অন্যতম প্রতিপক্ষ হিসেবে পরিচিত।
যারা মিছিল নিয়ে চেয়ার ছোড়াছুড়ি করেছে তাদের বিরুদ্ধে মামলা করা হবে বলেও বলেন তিনি।
এ সময় আহত আওয়ামী লীগ কর্মীরা হলেন- ইঞ্জিনিয়ার ইসলাম আহমদ (৪০), দিদারুল আলম (৩২), আনু মিয়া (৩০), এয়াকুব (৩০), শহিদুল্লাহ (২৮), আবদুল মাবুদ (২৭) ও দেবরাজ (২৯)।
আহত পুলিশ সদস্যদের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
আনোয়ারা সংসদীয় এলাকার অন্তর্ভুক্ত কর্ণফুলী থানার পাঁচটি ইউনিয়নের উন্নয়নের দাবিতে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে শাহ আমানত সেতুর দক্ষিণ প্রান্তে এ সমাবেশের আয়োজন করা হয়।
সংঘাতের পর কঠোর নিরাপত্তায় মেয়র তার সমাবেশ শেষ ঘটনাস্থল ত্যাগ করেন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাবুদ্দিন চৌধুরী।
তিনি বলেন, "আনোয়ারা সংসদীয় এলাকার অন্তর্ভুক্ত কর্ণফুলী থানার চরপাথরঘাটা, চরলক্ষ্ম্যা, শিকলবাহা, জুলধা ও বড় উঠান ইউনিয়নকে সিটি কর্পোরেশনভুক্ত করার উদ্যোগের অংশ হিসেবে শুক্রবার বিকেলে এ সমাবেশ আহবান করেন মেয়র।
"সমাবেশ শুরুর আগে স্থানীয় সাংসদ আখতারুজ্জামান চৌধুরী বাবুর সমর্থিত কিছুসংখ্যাক কর্মী ওই ইউনিয়নগুলোকে সিটি করপোরেশনের বাইরে রাখার দাবি জানিয়ে মেয়রবিরোধী শ্লোগান দিতে থাকে। এক পর্যায়ে তারা মঞ্চ লক্ষ করে চেয়ার ছুড়ে মারে। মেয়রসহ অনুষ্ঠানের অন্য অতিথিরা এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন।"
তখন অনুষ্ঠানে উপস্থিত মেয়রের অনুসারীরা বিক্ষুব্ধদের ঘটনাস্থল থেকে হটিয়ে দেয় বলে জানান মহানগর পুলিশের উপ-কমিশনার (বন্দর ) কুসুম দেওয়ান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, "বিক্ষুব্ধ কর্মীরা চেয়ার ছুড়ে মারার সময় পুলিশ তাতে বাধা দেয়। তারা তাদের ছত্রভঙ্গ করতে লাঠিপেটা করে। এতে সাত কর্মী আহত হয়।"
তিনি আরও জানান, আওয়ামী লীগ কর্মীরা পুলিশকে লক্ষ করে চেয়ার ও ইট পাটকেল নিক্ষেপ করে। এতে পুলিশের পাঁচ সদস্য আহত হয়।
বিক্ষোভকারীরা ঘটনাস্থল ত্যাগ করার পর সমাবেশের কার্যক্রম আবার শুরু হয়।
এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি এবং রাত ৮টা পর্যন্ত থানায় কোনও মামলা হয়নি বলেও জানান পুলিশ কর্মকর্তা কুসুম দেওয়ান।
সংঘর্ষের পর অনুষ্ঠিত সমাবেশে মেয়র কর্ণফুলী থানার ওই পাঁচ ইউনিয়নকে সিটি করপোরেশনের অন্তর্ভুক্ত করার ঘোষণা দেন।
তিনি বলেন, "করপোরেশনের অধীনে এখানকার রাস্তাঘাট ও অন্যান্য উন্নয়ন করা হবে। এসব এলাকা সিটি কর্পোরেশনের অন্তর্ভূক্ত করা হলেও পাঁচ বছর কোনও কর নেওয়া হবে না।"
সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ইমতিয়াজ হোসেন চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ সাইফুল্লাহ, মহানগর পুলিশের কমিশনার মনিরুজ্জামান, পটিয়া উপজেলা চেয়ারম্যান ইদ্রিছ মিয়া, চরলক্ষ্যা ইউনিয়নের চেয়ারম্যান নুরুচ্ছফা, চর পাথরঘাটা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মঈনুদ্দিন প্রমুখ বক্তব্য রাখেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এজে/এসএইচ/২১০৯ ঘ.
bdnews24