২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরে আ.লীগ নেতা খুন: জড়িত সন্দেহে যুবলীগ নেতাসহ চারজন আটক

যশোরের চৌগাছা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইমামুল হাসান টুটুল খুনের সঙ্গে জড়িত সন্দেহে যুবলীগের সাধারণ সম্পাদকসহ চারজনকে আটক করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Sep 2009, 03:17 PM

Updated : 26 Aug 2022, 12:04 PM

যশোর, সেপ্টেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - যশোরের চৌগাছা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইমামুল হাসান টুটুল খুনের সঙ্গে জড়িত সন্দেহে যুবলীগের সাধারণ সম্পাদকসহ চারজনকে আটক করেছে পুলিশ। বুধবার রাতে দলীয় কার্যালয়ে বোমা ফাটিয়ে এবং গুলি করে উপজেলার পাশাফুল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইমামুল হাসানকে হত্যা করা হয়। ঘটনার পর অভিযান চালিয়ে পুলিশ জড়িত সন্দেহে এই চারজনকে আটক করে। এরা হলেন- উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক দেবাশীষ মিশ্র জয়, ফুলসারা ইউনিয়ন পরিষদের সদস্য মাসুদ রানা, যুবলীগ কর্মী হাসানুজ্জামান এবং ঝিকরাগাছা উপজেলার কৃর্ত্তিপুর গ্রামের লিয়াকত আলী। চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব জানান, এখনও পর্যন্ত নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা করা হয়নি। ওসি বলেন, দলীয় কোন্দলসহ সম্ভাব্য সব সূত্র ধরে হত্যাকাণ্ডের তদন্ত চলছে। চৌগাছা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উপজেলা চেয়ারম্যান এসএম হাবিবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে এই হত্যাকাণ্ড ঘটতে পারে। " তিনি এ হত্যাকাণ্ডের নিন্দা ও খুনিদের গ্রেপ্তারের দাবি জানান। ইমামুল হাসানের স্ত্রী উপজেলা ভাইস চেয়ারম্যান আকলিমা হাসান বলেন, ''সকল গ্র"পের সঙ্গে তার (ইমামুল হাসান) ভালো সম্পর্ক ছিল। তাকে হত্যা করতে পারে এমন কোন শত্র" ছিল বলে আমার জানা নেই।" উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহাজান কবির বলেন, "দলে কোন্দল থাকলেও এমন কোন পরিস্থিতি হয়নি যে তাকে হত্যা করতে হবে।" তিনি দাবি করেন, "কারো পথ পরিস্কার করতে পেশাদার খুনী দিয়ে ইমামুল হাসানকে হত্যা করা হয়েছে।" এদিকে বৃহস্পতিবার যশোর আড়াইশ' বেড হাসপাতালে লাশের ময়না তদন্ত শেষে পারিবারিক কবরস্থানে ইমামুল হাসানকে দাফন করা হয়। এর আগে চৌগাছা মডেল প্রাথমিক বিদ্যালয় মাঠে এবং বিকালে তার গ্রামের বাড়ি রঘুনাথপুর দাখিল মাদ্রাসা মাঠে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় অংশ নেন সাংসদ খান টিপু সুলতান, যশোর জেলা প্রশাসক মহিবুল হক, পুলিশ সুপারিনটেনডেন্ট দিদার আহমেদ, জেলা আওয়ামী লীগের সভাপতি আলী রেজা রাজু, সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান শাহিন চাকলাদার, চৌগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাখাওয়াত হোসেনসহ রাজনৈতিক দলের স্থানীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১১৪ ঘ.