২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ওমরাহ পালনে সৌদি আরব পৌঁছেছেন খালেদা জিয়া

ওমরাহ পালনে সৌদি আরবের জেদ্দায় পৌঁছেছেন বিরোধী দলীয় নেতা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। শুক্রবার বাংলাদেশ সময় রাত সাড়ে ১২টার দিকে তিনি জেদ্দা পৌঁছান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Sep 2009, 07:22 PM

Updated : 26 Aug 2022, 12:02 PM

ঢাকা, সেপ্টেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ওমরাহ পালনে সৌদি আরবের জেদ্দায় পৌঁছেছেন বিরোধী দলীয় নেতা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। শুক্রবার বাংলাদেশ সময় রাত সাড়ে ১২টার দিকে তিনি জেদ্দা পৌঁছান। জেদ্দা থেকে খালেদা জিয়ার প্রেস সচিব মারুফ কামাল খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ''ম্যাডাম জেদ্দা পৌঁছেছেন। বিমানবন্দরে সৌদি বাদশাহ'র প্রতিনিধি তাকে স্বাগত জানান। খালেদা জিয়া সেখান থেকে ওমরাহ পালনের জন্য মক্কার উদ্দেশে রওনা হবেন।'' এর আগে যাত্রা পথে ইফতারের জন্য কুয়েতে যাত্রাবিরতি করেন বিএনপি চেয়ারপারসন। ইফতার শেষে জেদ্দার পথে রওনা হন তিনি। শুক্রবার সকাল সাড়ে ১১টায় এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে খালেদা জিয়া সৌদি আরবের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে দলের মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন, স্থায়ী কমিটির সদস্য খোন্দকার মোশাররফ হোসেন, সাংসদ জমির উদ্দিন সরকার, নজরুল ইসলাম খান, মির্জা আব্বাস, সেলিমা রহমান, রিজভী আহমদ, জয়নাল আবেদিন ফারুক, বরকতউল্লাহ বুলু, শহিদ উদ্দিন চৌধুরী এ্যানী, আবদুস সালাম প্রমুখ নেতারা তাকে বিদায় জানান। খালেদা জিয়ার সফরসঙ্গীদের মধ্যে রয়েছেন তার ছোট ভাই শামীম এস্কান্দার ও তার স্ত্রী কানিজ ফাতেমা, ছেলে আরাফাত রহমানের স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান, তাদের দুই মেয়ে জাসিয়া রহমান ও জাহিয়া রহমান, বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা শমসের মবিন চৌধুরী, প্রেস সচিব মারুফ কামাল খান, ব্যক্তিগত সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, মাহবুব আল আমিন ডিউ প্রমুখ। ২০০৭ সালে দেশে জরুরি অবস্থায় গ্রেপ্তার ও কারামুক্তির পর এটাই খালেদা জিয়ার প্রথম বিদেশ সফর। সর্বশেষ ২০০৬ সালে তিনি ওমরাহ পালনের জন্য সৌদি আরব গিয়েছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এএনএস/এইচএ/০১৪০ঘ.