বরিশাল, আগস্ট ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চাঁদাবাজির মামলায় খালাস পেয়েছেন জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও সাবেক সাংসদ সৈয়দ মোয়াজ্জম হোসেন আলাল।
সোমবার দুপুরে বরিশালের জেলা ও দায়রা জজ মো. শহিদুল্লাহ এ রায় দেন। এ সময় আলাল আদালতে উপস্থিত ছিলেন।
জেলা ও দায়রা জজ আদালতের পেশকার মো. ফারুক হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রয়োজনীয় সাক্ষ্য-প্রমাণ না পাওয়ায় আদালত আলালকে বেকসুর খালাস দিয়েছে।
২০০৭ সালের ২৫ এপ্রিল আলালের বিরুদ্ধে উজিরপুর থানায় মামলাটি করেন উপজেলা সদর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি কাজী মাহবুবুর রহমান।
গত বছরের ৮ ফেব্র"য়ারি জরুরি ক্ষমতা আইন ভঙ্গে অভিযোগে আলালকে প্রথম গ্রেপ্তার করা হয়। জামিনে মুক্তি পেলেও একই বছরের ২৩ এপ্রিল রংপুর কারগারের ফটক থেকে এবং ১৩ জুলাই ঢাকা কেন্দ্রীয় কারাগারের ফটক থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে।
ওই বছরের ১ আগস্ট তিনি জামিনে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২১৮ ঘ.
bdnews24