ঢাকা, আগস্ট ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ক্ষমতাসীন দল আওয়ামী লীগের একজন জ্যেষ্ঠ নেতা বলেছেন, একাত্তরের যুদ্ধাপরাধীদের বিচার অবশ্যই হবে এবং এক্ষেত্রে সরকার বাইরের কোনও চাপ আমলে নেবে না।
সোমবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ষষ্ঠ 'উইমেন এন্ট্রাপ্রেনিউর ট্রেড এক্সপো'র উদ্বোধন করার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী একথা বলেন।
তিনি বলেন, দলের নির্বাচনী অঙ্গীকার হিসেবে অবশ্যই যুদ্ধাপরাধের বিচার হবে।
জনগণের ভোটে নির্বাচিত হওয়ায় তাদের দাবি-দাওয়ার কথা বলার জন্য বিরোধী দলের সংসদে যোগদান করা উচিত বলেও এ সময় মন্তব্য করেন জাতীয় সংসদের উপনেতা সাজেদা।
তিনি বলেন, "এর মাধ্যমে জনগণকে সম্মান করা হবে। সংসদে আসুন। জাতি গঠনে আমরা একত্রে কাজ করব।"
মন্ত্রিসভা এবং সংসদে উল্লেখযোগ্য সংখ্যক নারী নেত্রী থাকার প্রসঙ্গ তুলে ধরে সাজেদা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীর প্রতি বৈষম্য দূরীকরণ এবং নারীর ক্ষমতায়নের ব্যাপারে দৃঢ়প্রতিজ্ঞ।
বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ছয়দিনব্যাপী এ প্রদর্শনীতে পোশাক, গয়না, চামড়াজাত পণ্য এবং বিভিন্ন ফ্যাশন সামগ্রী পাওয়া যাচ্ছে। এতে বাংলাদেশের পাশাপাশি ভারত, থাইল্যান্ড, পাকিস্তান, মালয়েশিয়া ও চীনের নারী উদ্যোক্তারা অংশ নিয়েছেন।
মেলায় বাংলাদেশ ডিজাইন কাউন্সিল জরায়ুর ক্যান্সারের বিষয়ে সচেতনতামূলক কর্মসূচি ও ফ্যাশন শো'র আয়োজন করেছে।
ব্র্যাক, মাইডাস, উইমেন এন্ট্রাপ্রেনিউরস্ অ্যাসোসিয়েশন, উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ, ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এবং এসএমই ফাউন্ডেশনের সহায়তায় স্থানীয় পাকিস্তান হাই কমিশন এ মেলার আয়োজন করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিকেএস/এজে/এসকে/১৯৫১ঘ.
bdnews24