ঢাকা, আগস্ট ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ক্ষমতাসীন দল আওয়ামী লীগের অফিস করে বা অফিসের নামে কোন খাস জমি দখল করলেও সরকার তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে বলে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী রেজাউল করিম হীরা।
বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি আয়োজিত 'মিট দ্য রিপোর্টার্স' অনুষ্ঠানে তিনি বলেন, "সরকারি খাস জমি আওয়ামী লীগের কর্মী বা যেই দখল করুক না কেন সরকার তা উদ্ধারে ব্যবস্থা নিচ্ছে। যারা এসব দখলের সঙ্গে জড়িত, তাদের ব্যাপারে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। আইনের আওতার মধ্যেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।"
তবে বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর কি পরিমাণ খাসজমি দখলমুক্ত করা হয়েছে এবং দখল হওয়া মোট জমির পরিমাণ কত তা জানাতে পারেননি মন্ত্রী।
তবে তিনি জানান, এ ধরণের জমি উদ্ধারে কার্যক্রম অব্যাহত রয়েছে।
ভূমিমন্ত্রী বলেন, "সরকার অর্পিত সম্পত্তি নিয়ে জটিলতা নিরসনে ব্যবস্থা নিয়েছে। এ লক্ষ্যে আগামী ডিসেম্বরের মধ্যে একটি চূড়ান্ত তালিকা তৈরির কাজ শেষ হবে।
"এরপরই এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। এছাড়াও কোর্ট অব ওয়ার্ডস, ভাওয়াল এস্টেট এবং নবাব এস্টেটের সম্পত্তির মালিকানা বিষয়েও সরকার সিদ্ধান্ত নেবে।"
রাজধানীর ভাসানটেকে সরকারি জমিতে বেসরকারি আবাসন কোম্পানির মাধ্যমে বস্তিবাসী ও নিম্নবিত্তদের জন্য তৈরি করা ফ্ল্যাট নির্মাণ ও বিক্রিতে অনিয়মের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, "এ প্রকল্পে বিভিন্ন ধরণের অনিয়মের অভিযোগ মন্ত্রণালয়ে এসেছে। এগুলো তদন্ত ও পরীক্ষা করে দেখা হচ্ছে। কোন অনিয়ম বা দুর্নীতি থাকলে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।"
মন্ত্রী জানান, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর গত জুন মাস পর্যন্ত দেশের বিভিন্ন উপজেলায় ১২ হাজার ৭৫৪টি ভূমিহীন পরিবারের মধ্যে খাসজমি বরাদ্দ দেওয়া হয়েছে।
১৮৪টি উপজেলায় খাসজমিতে গুচ্ছগ্রাম নির্মাণ করে দরিদ্র পরিবারের মধ্যে বিতরণের কর্মসূচি হাতে নেওয়া হয়েছে এবং এ জন্য ১৮৭ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বলেও জানান রেজাউল।
উপজেলা কমিটির মাধ্যমে খাসজমি বিতরণে কোন অনিয়ম বা বাধা ছিল কিনা- এ প্রশ্নের জবাবে তিনি বলেন, "এমন কোন অভিযোগ ভূমি মন্ত্রণালয়ের আসেনি। কোন অভিযোগ এলে মন্ত্রণালয় তদন্ত করে ব্যবস্থা নেবে।"
ডিআরইউ মিলনায়তনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সংগঠনের সভাপতি শামীম আহমেদ ও সাধারণ সম্পাদক পথিক সাহা বক্তব্য দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এসএইচ/এসকে/২১৩৪ঘ.
bdnews24