২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাসিনা হত্যাচেষ্টা মামলার আসামির জামিন দেয়নি হাইকোর্ট

গোপালগঞ্জের কোটালীপাড়ায় শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে বোমা পুঁতে রাখার মামলার দুই আসামীর জামিন আবেদন খারিজ করে দিয়েছে হাইকোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2009, 03:43 PM

Updated : 26 Aug 2022, 11:54 AM

ঢাকা, আগস্ট ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গোপালগঞ্জের কোটালীপাড়ায় শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে বোমা পুঁতে রাখার মামলার দুই আসামীর জামিন আবেদন খারিজ করে দিয়েছে হাইকোর্ট। মেহেদী হাসান ও ওয়াসিম আক্তার নামে ওই দুই আসামী হরকাতুল জিহাদের নেতা মুফতি হান্নানের সহযোগী। সোমবার বিচারপতি মো. আবদুল ওয়াহাব মিঞা ও বিচারপতি মো. আবদুর রাজ্জাকের বেঞ্চ তাদের জামিন আবেদনের ওপর শুনানি গ্রহণ করে এ আদেশ দেয়। গোপালগঞ্জের দুই নং বিশেষ ট্রাইবুন্যালকে মামলা দুটির দ্রুত বিচার নিষ্পত্তি করারও নির্দেশ দিয়েছে আদালত। ২০০০ সালের ২৪ জুলাই গোপালগঞ্জের কোটালীপাড়ায় তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভাস্থলের পাশে তাকে হত্যার উদ্দেশ্যে বোমা পুঁতে রাখা হয়। ঘটনার পরদিন কোটালীপাড়া থানায় হত্যাচেষ্টা ও বিস্ফোরকদ্রব্য আইনে দুটি মামলা করা হয়। মুফতি হান্নানের দুই সহযোগীর পক্ষে জামিন আবেদনের ওপর শুনানি করেন অ্যাডভোকেট মোশাররফ হক। তিনি বলেন, গত ২৪ মার্চ এই দুই আসামীর জামিন আবেদন গোপালগঞ্জের বিশেষ ট্রাইবুনাল খারিজ করে দেয় । সরকার পক্ষে জামিনের বিরোধিতা করে বক্তব্য দেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ সেলিম। তিনি শুনানিতে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার চেষ্টা ও বোমা পুঁতে রাখার কথা স্বীকার করে এই দুই আসামী স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তারা আফগানিস্তানে যুদ্ধ করেছেন বলেও জানিয়েছেন। এছাড়া দুটি মামলার মধ্যে একটিতে ২০০১ সালের ৯ সেপ্টেম্বরের পর আর আদালত আর কোন স্বাক্ষ্যগ্রহণ করেনি। অন্য মামলায় সর্বশেষ সাক্ষ্যগ্রহণ হয়েছে ২০০৫ সালের ২৪ জুলাই। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এএনএস/এসকে/২১৫৪ঘ.