ঢাকা, আগস্ট ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জামায়াতে ইসলামীর নেতা দেলাওয়ার হোসেন সাঈদীকে বিদেশ যেতে বাধা দেওয়া অবৈধ ঘোষণা করে হাইকোর্ট যে রায় দিয়েছিল তা স্থগিত করেছে আপিল বিভাগ।
বুধবার বেলা ১২টায় বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি বোরহানউদ্দিনের হাইকোর্ট বেঞ্চ সাঈদীকে বিদেশ যেতে সরকারের বাধা দেওয়ার কার্যক্রমকে অবৈধ বলে রায় দেয়।
এর পরপরই সরকার এর বিরুদ্ধে আপিল আবেদন নিয়ে আপিল বিভাগে যায়। এর সঙ্গে হাইকোর্টের রায়ের ওপর স্থগিতাদেশও চাওয়া হয়।
দুপুর আড়াইটায় আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. মোজাম্মেল হোসেন হাইকোর্টের রায় স্থগিত রাখার নির্দেশ দেন।
চেম্বার বিচারপতি সরকারের আবেদনটির ওপর ১৮ আগস্ট শুনানির দিন ধার্য করে তা আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠিয়েছেন।
হাইকোর্টের রায়ে সাঈদীর বিদেশ যাত্রায় বাধাকে অবৈধ বলার পাশাপাশি এ জামায়াত নেতাকে বিদেশ যেতে ও ফিরতে বাধা না দিতে সরকারকে নির্দেশ দেওয়া হয়।
সাঈদীর একটি রিট আবেদনের পরিপ্রেক্ষিতে এ রায় হয়।
আদালতে সাঈদীর পক্ষে শুনানিতে অংশ নেন ব্যারিস্টার আব্দুর রাজ্জাক। সরকার পক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
হাইকোর্টের রায়ের পর ব্যারিস্টার রাজ্জাক সাংবাদিকদের বলেন, "এ রায়ে আইনের শাসনের বিজয় হয়েছে। আইনসঙ্গত বিধিনিষেধ ছাড়া কোনও নাগরিকের সাংবিধানিক অধিকার খর্ব করা অবৈধ। রায়ে তা পুর্নব্যক্ত হলো।"
সাঈদীকে বিদেশ যেতে বাধা দেওয়াকে কেন বেআইনি ঘোষণা করা হবে তা জানাতে গত ২ আগস্ট সরকারকে নির্দেশ দেয় আদালত।
গত ২৪ জুলাই চিকিৎসার জন্য সৌদি আরব যাওয়ার সময় সাঈদীকে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের অভিবাসন কর্মকর্তারা বাধা দেন।
বিদেশ যেতে বাধা দেওয়ায় সরকারের কার্যক্রমের বৈধতা চ্যালেঞ্জ করে ২৭ জুলাই সাঈদী রিট দায়ের করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/আরএ/এমআই/১৪৪০ ঘ.
bdnews24