ঢাকা, আগস্ট ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তত্ত্বাবধায়ক সরকারের আমলে দায়েরকৃত মামলার বিষয়ে সরকারের 'দ্বৈতনীতির' কঠোর সমালোচনা করেছেন বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন।
বুধবার সন্ধ্যায় এক ছাত্র সমাবেশে তিনি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় অভিযোগপত্র দাখিলের প্রসঙ্গ তুলে এই সমালোচনা করেন।
জাতীয় স্টেডিয়ামে স্থাপিত জিয়াউর রহমানের ম্যুরাল ভেঙে ফেলার প্রতিবাদে ছাত্র দল নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই সমাবেশের আয়োজন করে। ঢাকা বিশ্ববিদ্যালয়, মহানগর উত্তর-দক্ষিণ, নারায়ণগঞ্জ ও মুন্সীগঞ্জসহ কয়েকটি ইউনিটের নেতাকর্মীরা এই সমাবেশে মিছিল নিয়ে অংশ নেন।
খোন্দকার দেলোয়ার জাতীয় স্টেডিয়ামে জিয়ার ম্যুরাল ভেঙে ফেলাকে 'জাতীয়তাবাদী শক্তির ওপর আঘাত' হিসেবে অভিহিত করেন।
সোমবার গভীর রাতে অজ্ঞাতপরিচয় একদল লোক বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের তোরণের মশালের পাশে গত বিএনপি সরকারের সময় স্থাপিত জিয়াউর রহমানের প্রতিকৃতি অপসারণ করে।
আদালতে খালেদার একটি মামলার অভিযোগপত্র দেওয়া সম্পর্কে বিএনপি মহাসচিব বলেন,''মামলা নিয়ে এটা সরকারের আইওয়াশ। আজ যে মামলাটির চার্জশিট হয়েছে তা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।"
তিনি বলেন, একদিকে সরকার তাদের বিরুদ্ধে তত্ত্বাবধায়ক সরকার আমলে দায়েরকৃত মামলাগুলো প্রত্যাহার করে নিচ্ছে। অন্যদিকে বিরোধী দলের নেতাদের মামলাগুলোর নতুন করে চার্জশিট ও গ্রেপ্তারি পরোয়ানা জারি করছে।
এভাবে মামলা দিয়ে 'আঘাত করা হলে' তার প্রতিরোধ কঠিনতর হবে বলে সাবধান করে দেন বিএনপি নেতা।
বিএনপি মহাসচিব চেয়ারপার্সন খালেদা জিয়াসহ নেতাদের বিরুদ্ধে সরকারের নতুন করে অভিযোগপত্র দেওয়াকে 'উদ্দেশ্যমূলক' অভিহিত করেন।
বর্তমান সরকারের বিরুদ্ধে আবারো দেশি-বিদেশী ষড়যন্ত্রে ক্ষমতায় বসে বিদেশীদের নীলনকশা বাস্তবায়নে কাজ করার অভিযোগ করেন তিনি।
তত্ত্বাবধায়ক সরকারের আমলের কয়েকজন বিদেশী রাষ্ট্রদূত-হাইকমিশনারের কার্যক্রমের কঠোর সমালোচনা করে দেলোয়ার বলেন,'' দেশের মানুষ জানে ওই সময়ে কারা দেশে সাংবিধানিক নির্বাচনকে বাতিল করে একটি অবৈধ তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠায় সেনাবাহিনীর সঙ্গে কাজ করেছে। এখন সেইসব রাষ্ট্রদূতদের কেউ কেউ দেশে এসে মিথ্যাচার করছেন। কিন্তু আমরা বলতে চাই, আজকের দেশের এই দুর্দশার জন্য আপনারাই দায়ী। আপনাদের ষড়যন্ত্রের বেনিফিসিয়ারী হিসেবে এই সরকারকে ক্ষমতায় বসিয়েছেন।''
দেলোয়ার ভারতের টিপাইমুখ বাঁধ প্রকল্প এলাকা থেকে সংসদীয় দলের 'শূন্য হাতে' ফিরে আসার সমালোচনা করে বলেন,'' এ সংসদীয় দল দেশের মানুষের বিশ্বাসযোগ্যতা হারিয়েছে। তারা দেশের ক্ষতি করার জন্যই সেখানে গিয়েছিল। এখন সেখানে গিয়ে কি গোপনচুক্তি তারা করেছেন, কি তথ্য-উপাত্ত এনেছেন- তা জনসমক্ষে প্রকাশের দাবি জানাচ্ছি।''
ছাত্র দল সভাপতি সুলতান সালাহউদ্দিন টুকুর সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে সাবেক সাংসদ নাজিম উদ্দিন আলম, খায়রুল কবির খোকন, শিরিন সুলতানা, বর্তমান সাংসদ শহীদউদ্দিন চৌধুরী এ্যানি, ছাত্র দলের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম আলিম প্রমুখ বক্তব্য দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসকে/২১৪৫ঘ.
bdnews24