কুষ্টিয়া, আগষ্ট ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কুষ্টিয়ার মিরপুর উপজেলার সদরপুর ইউনিয়নের সাজিপাড়া গ্রামে শনিবার বিকেলে টিপু (৩০) নামে যুবলীগের এক কর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
টিপু জেলার দৌলতপুর উপজেলার গাছেরদাইড় গ্রামের আমান মালিথার ছেলে।
তার সঙ্গে থাকা যুবলীগের আরও দুই কর্মী গুলিবিদ্ধ হয়েছেন। এরা হলেন- জিয়া (২৮) ও গোপাল (২৬)। তাদের প্রথমে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি ঘটলে সেখান থেকে পাঠানো হয় ঢাকায়।
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করা হয়েছে। তবে তাদের নাম জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আনোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মিরপুর উপজেলায় আওয়ামী লীগের সভায় যোগদান শেষে বিকেল সাড়ে পাঁচটার দিকে মোটরসাইকেলে করে টিপু ও তার দুই সঙ্গী বাড়ি ফিরছিলেন। মিরপুরের সদরপুর ইউনিয়নের সাজিপাড়া গ্রামে পৌঁছার পর ওঁৎ পেতে থাকা ১০/১২ জনের একদল দুর্বৃত্ত তাদের ওপর হামলা চালায়।
দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে টিপুকে এলোপাতাড়ি কোপায় এবং তার দুই সঙ্গীকে গুলি করে। পালিয়ে যাওয়ার সময় তারা কয়েকটি বোমার বিস্ফোরণও ঘটায়।
ওসি জানান, এলাকাবাসী টিপু ও তার দুই সঙ্গীকে উদ্ধার করে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক জানান টিপুর মৃত্যু হয়েছে। পরে ময়না তদন্তের জন্য তার লাশ কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।
তিনি বলেন, প্রাথমিক তদন্তে হত্যার কারণ জানা যায়নি। হত্যাকারীদের ধরার জন্য অভিযান শুরু হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১৩৭ ঘ.
bdnews24