বাগেরহাট, আগস্ট ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাগেরহাটের মংলা ও রামপাল উপজেলায় আওয়ামী লীগের নেতাকর্মীরা বিরোধীদল বিএনপির নেতা-কর্মী-সমর্থকদের বেশ কিছু চিংড়ি ঘের দখল করে নিয়েছে বলে অভিযোগ করা হয়েছে।
ক্ষমতাসীন দলটির 'সন্ত্রাসীদের' ভয়ে বিএনপিদলীয় অন্তত চারজন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এলাকা ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন বলেও অভিযোগ করা হয়।
শনিবার দুপুরে বাগেরহাট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে জেলা বিএনপির আহবায়ক সামছুল হক এ অভিযোগ করেন।
অভিযোগ অস্বীকার করে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ কামরুজ্জামান টুকু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বিগত চারদলীয় জোট সরকারের সময় বিএনপি নেতা-কর্মীরা এসব ঘের দখল করে নিয়েছিল। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর তারা গা ঢাকা দিয়েছে। প্রকৃত মালিকরাই আবার ঘেরে চিংড়ি চাষ করছে।"
বিএনপি নেতা সামসুল হক অভিযোগ করেন, মংলা উপজেলা বিএনপির সভাপতি ও সুন্দরবন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মৃধা নজরুল ইসলামের ব্যক্তি মালিকানাধীন এক হাজার বিঘার চিংড়ি ঘের, উপজেলা যুবদলের সভাপতি মো. বাহারুল হাওলাদারের ৫০০ বিঘার চিংড়ি ঘেরসহ দলের নেতা-কর্মী সমর্থকদের বেশ কিছু ঘের আওয়ামী লীগ দলীয় সন্ত্রাসীরা হামলা চালিয়ে দখল এবং লাখ লাখ টাকার চিংড়ি ও অন্য মাছ লুট করে নিয়েছে। এসব ঘের মালিকরা বর্তমানে এলাকা ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন।
তিনি অভিযোগ করেন, জুলাই মাসে মংলার চিলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোতাহার হোসেনের ওপর আওয়ামী লীগের 'ক্যাডাররা' হামলা চালিয়ে তাকে জখম করে। উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ইদ্রিস আলী ইজারাদার এসব হামলা ও দখলে নেতৃত্ব দিচ্ছেন।
এ ছাড়া রামপালসহ আরও কয়েকটি উপজেলায় বিএনপি'র নেতাকর্মীদের ওপর আওয়ামী লীগের হামলার অভিযোগও করেন সামসুল হক।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা বিএনপির যুগ্ম আহবায়ক শেখ নজরুল ইসলাম, সদস্য কাজী সেলিম, বিএনপি নেতা ওহিদুজ্জামান হওলাদার ও মংলা উপজেলা যুবদলের সভাপতি মো. বাহারুল হাওলাদার প্রমুখ।
মংলা উপজেলা পরিষদের চেয়ারম্যান ইদ্রিস আলী ইজারাদার দখল ও হামলার অভিযোগ অস্বীকার করেন।
তিনি পাল্টা অভিযোগ করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বিগত জামায়াত-বিএনপি জোট সরকারের সময় এদের অত্যাচারে সাধারণ মানুষ অতিষ্ট ছিল। এরাই বিগত দিনে সাধারণ মানুষের ঘের অবৈধভাবে দখল করে চিংড়ি চাষ করে আসছিল।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০২৪ ঘ.
bdnews24